গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত আব্দুর রাজ্জাক (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত আব্দুর রাজ্জাক উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের হরিদাশ তালুক গ্রামের হাবিজার ইসলামের ছেলে। তিনি গোবিন্দগঞ্জ হাসপাতালে কর্মরত ছিলেন। 

নিহতের বড় ভাই খাজা মিয়া জানান, গত ২৯ আগস্ট বিকেলে বাড়ির পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের ওপর দিয়ে বাড়িতে ডিসের লাইন নেওয়ার জন্য কাজ করছিলেন আব্দুর রাজ্জাক। এ সময় অসাবধানতাবশত তিনি ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসেন। এতে তার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে ঢাকায় নেওয়া হয়। চার দিন চিকিৎসাধীন থাকার পর আজ মঙ্গলবার সকালে তিনি মারা যান।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুর রহমান হাবিব জানান, এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত