মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ওসিসহ আহত ১০

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে পুলিশের ওসি তদন্তসহ প্রায় ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে জেলার শ্রীনগর উপজেলার জমজম টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিএনপির দলটির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহর অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের মধ্যে ৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি রয়েছেন। বাকিরা অন্য স্থানে চিকিৎসা নিয়েছেন। 

স্থানীয় নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকাল ১১টায় শ্রীনগরের জমজম টাওয়ার এলাকা থেকে সরফত আলী সপুর পূর্বনির্ধারিত আনন্দ মিছিলের কর্মসূচি ছিল। নেতাকর্মীরা জড়ো হতে শুরু করে।

এ সময় এমপি শেখ আব্দুল্লাহর কয়েকজন অনুসারী ঘটনাস্থলে উপস্থিত হলে কথা কাটাকাটি  হয়। একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। এ সময় মোটরসাইকেল ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে শ্রীনগর থানার ওসি তদন্ত মিল্টন দত্ত আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

তবে দলটির দায়িত্বশীল কেউ এ বিষয়ে মন্তব্য করেন নি। বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ বলেন, দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনার খবর পেয়ে পুলিশের থানা টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে দুই পক্ষকে সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের সময় শ্রীনগর থানার ওসি তদন্ত চোখের নিচে কিছুটা আঘাত পেয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এখন।

সর্বশেষ সর্বাধিক পঠিত