দেশে প্রথম রোবোটিক সার্জারি সম্পন্ন ইউনাইটেড হেলথকেয়ারে

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পিএম

বাংলাদেশের চিকিৎসাখাতে নতুন মাইলফলক স্থাপন করেছে ঢাকার মাদানী এভিনিউর ইউনাইটেড সিটিতে অবস্থিত ইউনাইটেড হেলথকেয়ার। সোমবার (৩১ আগস্ট) প্রতিষ্ঠানটিতে সফলভাবে দেশের প্রথম রোবোটিক সার্জারি সম্পন্ন হয়।

এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ইউনাইটেড হেলথকেয়ারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে রোবোটিক সার্জারির সাফল্য, অভিজ্ঞতা এবং দেশে এ প্রযুক্তির ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের চেয়ারম্যান ও গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড লিভার ট্রান্সপ্লান্ট বিভাগের পরিচালক অধ্যাপক ডা. এ. কিউ. এম. মোহসেন। 

আরও উপস্থিত ছিলেন ইউনাইটেড হেলথকেয়ারের মেডিকেল সার্ভিসেসের পরিচালক ডা. আজহারুল ইসলাম খান; এন্ডো-ল্যাপারোস্কপিক অ্যান্ড রোবোটিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ও চিফ কনসালটেন্ট এবং অ্যাডভান্সড এন্ডো-ল্যাপারোস্কপিক সেন্টারের পরিচালক অধ্যাপক ডা. রফিকুস সালেহীন; প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের বিভাগীয় প্রধান ও চিফ কনসালটেন্ট অধ্যাপক ডা. সামছাদ জাহান (শেলী); এবং কার্ডিয়াক সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. মোফাসসেল উদ্দীন আহমেদ।

সংবাদ সম্মেলনে চিকিৎসকরা ইউনাইটেড হেলথকেয়ারে সম্পন্ন হওয়া দুটি সফল রোবোটিক সার্জারির অভিজ্ঞতা ও সাফল্যের কথা তুলে ধরেন। এর মধ্যে ৫৭ বছর বয়সী এক পুরুষ রোগীর পিত্তথলিতে পাথরের চিকিৎসায় রোবোটিক কোলেসিস্টেকটমি এবং ৪৫ বছর বয়সী এক নারী রোগীর অস্বাভাবিক জরায়ু রক্তক্ষরণের চিকিৎসায় রোবোটিক হিস্টেরেকটমি করা হয়।

সংশ্লিষ্ট চিকিৎসকরা জানান, রোবোটিক সার্জারির মাধ্যমে জটিল অস্ত্রোপচারে আধুনিক প্রযুক্তির সুবিধা কাজে লাগানো সম্ভব হচ্ছে। এর ফলে দেশে উন্নতমানের সার্জারি ও চিকিৎসাসেবা দেওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে।

সংবাদ সম্মেলনে ইউনাইটেড হেলথকেয়ারের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাংলাদেশের রোবোটিক সার্জারির ভবিষ্যৎ সম্ভাবনা ও প্রতিষ্ঠানটির পরিকল্পনা তুলে ধরে। কার্ডিয়াক সার্জারি, গ্যাস্ট্রোএন্টারোলজি ও হেপাটোবিলিয়ারি সার্জারি এবং ক্যানসার চিকিৎসায় উন্নত প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারণের পরিকল্পনার কথা জানানো হয়।

তাদের লক্ষ্য, আধুনিক প্রযুক্তি ও দক্ষ চিকিৎসকদের সমন্বয়ে দেশে আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা নিশ্চিত করা, যাতে এসব উন্নত চিকিৎসার জন্য রোগীদের বিদেশে যেতে না হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত