হৃদয়গ্রাহী ব্যাটিংয়ে ডাবল সেঞ্চুরি তাওহীদ হৃদয়ের

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পিএম

যুব বিশ্বকাপ জয়ের ভেন্যুতে ডাবল সেঞ্চুরি করলেন তাওহীদ হৃদয়। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল অনূধ্ব-১৯ দল। সেই দলের সদস্য হৃদয় সেই ভেন্যুতে দুর্দান্ত এক ইনিংস খেললেন দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে। চার দিনের ম্যাচের তৃতীয় দিনের শেষ বিকেল বাউন্ডারি মেরে ম্যাজিক ফিগারে পৌছান হৃদয়। 

সিরিজের প্রথম চারদিনের ম্যাচে ছিলেন না তাওহীদ হৃদয়, জাকের আলী ও সাইফুদ্দিন। তবে দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েই ব্যাট হাতে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিলেন তিনজনই। হৃদয়ের অপরাজিত ২০৪, জাকেরের ৯৪ এবং সাইফুদ্দিনের ৮৭ রানে স্বাগতিকদের ৫১২ রানের জবাবে ৬ উইকেটে ৪৭১ রান করেছে বাংলাদেশ 'এ' দল।

জুনে জাতীয় দলের হয়ে টেস্ট অভিষেক হয়েছিল তাওহীদ হৃদয়ের। জিম্বাবুয়ের বিপক্ষে প্রত্যাশা পূরণ করতে না পারায় জায়গা হারান। খেলার সুযোগ হয়নি অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টে। সামনে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ রয়েছে। এরপর দক্ষিণ আফ্রিকা সফরেও রয়েছে দুই টেস্ট। সেই দলে জায়গা পাওয়ার জোর দাবি জানিয়ে রাখলেন তাওহীদ হৃদয় আজকের ব্যাটিংয়ে। 

পচেফস্ট্রুমে তৃতীয় দিনের প্রথম সেশনে হৃদয়-জাকের জুটিতে কোনো উইকেট না হারিয়ে ৮২ রান তোলে বাংলাদেশ 'এ' দল। ৭৫ রান নিয়ে খেলতে হৃদয় তুলে নেন ফার্স্ট ক্লাস ক্যারিয়ারে তার চতুর্থ সেঞ্চুরি। বিরতির পর ৯৪ রান করা জাকের আলী সেঞ্চুরি মিস করলেও সাইফুদ্দিনকে সাথে নিয়ে এগিয়ে যেতে থাকেন হৃদয়।  

শেষপর্যন্ত ৩৩৫তম বলে চার মেরে পৌছে যান ডাবল সেঞ্চুরিতে। ১৮ ফার্স্ট ক্লাস ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। বিদেশের মাটিতে এই ফরম্যাটে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের পর তৃতীয় ডাবল সেঞ্চুরির কীর্তি গড়লেন হৃদয়। 

২০২২ সালের পর প্রথম ফার্স্ট ক্লাস ম্যাচ খেলতে নামা সাইফুদ্দিন সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন। কিন্তু দিনের একেবারে শেষ দিকে ৮৭ রানের মাথায় আউট হয়ে যান তিনি। 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত