প্যারিসে প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপের ফাইনালে বাংলাদেশের আলী চৌধুরী

বিশ্বের মর্যাদাপূর্ণ রন্ধনমঞ্চে পাঁচ মহাদেশের সেরা ১৮ শেফের সঙ্গে লড়াইয়ে নামছেন প্রবাসী বাংলাদেশি শেফ মোহাম্মদ আলী চৌধুরী; দক্ষিণ এশিয়ার একমাত্র প্রতিনিধি হিসেবে বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকা ওড়ানোর প্রস্তুতি তাঁর।

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ এএম

ফ্রান্সের রাজধানী প্যারিসে আয়োজিত হতে যাচ্ছে আন্তর্জাতিক গ্যাস্ট্রোনমি উৎসবের অংশ হিসেবে মর্যাদাপূর্ণ ‘প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপ ২০২৬’-এর দ্বিতীয় আসর। আগামী ১০ থেকে ১৩ সেপ্টেম্বর প্যারিসের ঐতিহ্যবাহী কনকর্ড এলাকায় অনুষ্ঠেয় এই বৈশ্বিক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে স্থান করে নিয়েছেন ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি অভিবাসী শেফ মোহাম্মদ আলী চৌধুরী। বিশ্বমঞ্চে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে বিভিন্ন দেশের শীর্ষ শেফদের মুখোমুখি হবেন তিনি।

প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে আলী চৌধুরীর চূড়ান্ত লড়াই। নির্ধারিত এই সময়ে তিনি আন্তর্জাতিক বিচারকদের সামনে নিজ দেশের পতাকা হাতে নিয়ে তুলে ধরবেন তাঁর রন্ধনদক্ষতা, অতুলনীয় সৃজনশীলতা ও পরিবেশন শৈলী।

বিশ্বের অভিজ্ঞতা ও দক্ষতায় অনন্য প্রাইভেট শেফদের এই আসরে অংশ নিতে জমা পড়েছিল মোট ২৪০টি আবেদন। অত্যন্ত কঠোর ও জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচারকরা বিভিন্ন মহাদেশ থেকে চূড়ান্ত লড়াইয়ের জন্য মাত্র ১৮ জন শেফকে নির্বাচন করেন, যাঁর মধ্যে জায়গা করে নিয়েছেন শেফ আলী চৌধুরী। ফ্রান্সের রন্ধনশিল্পে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা সমৃদ্ধ আলী চৌধুরীর এই প্রাপ্তি বিশ্বমঞ্চে বাংলাদেশের রন্ধনশিল্পের জন্য এক বিশাল মাইলফলক।

পাঁচ মহাদেশের প্রতিযোগীদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়া থেকে একমাত্র প্রতিনিধি বাংলাদেশ। অন্যান্য দেশের মধ্যে প্রতিদ্বন্দিতা করছেন ফ্রান্স, মেক্সিকো, জার্মানি, ব্রাজিল, বুলগেরিয়া, বেলজিয়াম, টোগো ও ক্যামেরুনের প্রতিভাবান শেফরা।

প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপ কেবল রান্নার প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি ব্যক্তিগত শেফ পেশার আন্তর্জাতিক স্বীকৃতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধনের এক অনন্য প্ল্যাটফর্ম। এখানে একজন শেফকে রেসিপি তৈরির পাশাপাশি খাবারের পরিকল্পনা, উপযুক্ত উপাদান বাছাই, পরিবেশন এবং অতিথি আপ্যায়নের মতো সার্বিক অভিজ্ঞতা সৃষ্টির যোগ্যতা প্রমাণ করতে হয়।

এই বিশ্বমানের প্রতিযোগিতার দায়িত্বে থাকছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞদের নিয়ে গঠিত শক্তিশালী বিচারক বোর্ড। এতে রয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রীর শেফ রোমাঁ বেসেরোঁ এবং আন্তর্জাতিক গ্যাস্ট্রোনমি ভিলেজের প্রতিষ্ঠাতা অ্যান-লর দেসকম্বিনসহ বৈশ্বিক খাদ্য অঙ্গনের খ্যাতনামা ব্যক্তিত্বরা।

ফ্রান্সের ঐতিহাসিক মঞ্চে মোহাম্মদ আলী চৌধুরীর এই অংশগ্রহণ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আলোড়ন ও আনন্দের জন্ম দিয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় প্যারিসে শুরু হতে যাওয়া এই ঐতিহাসিক লড়াইয়ের দিকেই এখন তাকিয়ে রন্ধনপ্রেমী প্রবাসীরা। এই মঞ্চে তাঁর অসামান্য উপস্থিতি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের রন্ধনশিল্পের নতুন দুয়ার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত