সাভারের পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) সদস্য এসআই আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনার মূল হোতা প্রাইভেটকার চালক ও মালিক জহিরুল ইসলামকে আটক করেছে পুলিশ। রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাকে আমিনবাজার এলাকা থেকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তার পরিচয় জানায়নি পুলিশ।
নিহত আলতাফ হোসেন (৫৮) সিরাজগঞ্জের এনায়েতপুরের সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে। তিনি সাভারের আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন এবং পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) ঢাকার মালিবাগ জোনে কর্মরত ছিলেন।
ওসি মো. সাইফুল আলম জানান, শনিবার রাত ৮টার দিকে সাভারের আমিনবাজার বরদেশি এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এসবির এসআই আলতাফ হোসেন ও তার ছেলে আরিফুল ইসলামকে গুরুতর আহত করে ওই প্রাইভেট চালকসহ তার সহযোগিরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাত সাড়ে ৯টার দিকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন। তবে ঠিক কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়। তদন্ত শেষে এর আসল কারণ জানা যাবে।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, একটি প্রাইভেট কার রাখা নিয়ে দুই পক্ষের ঝামেলা মেটাতে গিয়েই হামলার শিকার হন ওই এসআই এবং তার ছেলে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।