প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা। সেই ধারা দ্বিতীয় ম্যাচেও অব্যাহত রেখেছে লাল সবুজের প্রতিনিধিরা। এশিয়া অনূধ্ব-২০ হকিতে আজ পাকিস্তানকে ৫-১ গোলে হারিয়েছে বাংলাদেশ।
হুলুনবুইর সিটিতে বাংলাদেশের গোল উৎসবের শুরু নবম মিনিটে। ফিল্ড গোলে দলকে এগিয়ে নেন লনিমা নুপুর। দ্বিতীয় কোয়ার্টারে নাদিরা এমার লক্ষ্যভেদে ব্যবধান হয় দ্বিগুণ।
তৃতীয় কোয়ার্টারের শুরুতে রিমন সারিকা পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান আরও বাড়ান। তিন গোল হজমের পর একটি শোধ করে পাকিস্তান।
তৃতীয় কোয়ার্টারের শেষ দিকে কনা আক্তার ও চতুর্থ কোয়ার্টারের শেষ দিকে আইরিন রিয়া জাল খুঁজে নিলে বড় জয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।
এ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে মঙ্গলবার কাজাখস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
দ্বিতীয়বারের মতো জুনিয়র এশিয়া কাপে খেলছে বাংলাদেশ। এর আগে ২০২৪ সালের আসরে নবম হয়েছিল তারা। মেয়েদের জুনিয়র এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত।
দশ দলের টুর্নামেন্টে চ্যালেঞ্জার পুলে বাংলাদেশের সঙ্গে আছে কাজাখস্তান, পাকিস্তান, চায়নিজ তাইপে ও হংকং। এলিট পুলে স্বাগতিক চীনের সঙ্গে রয়েছে জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া।
চ্যালেঞ্জার পুলের শীর্ষ তিন দল ও এলিট পুলের পাঁচ দল খেলবে কোয়ার্টার ফাইনালে। চ্যালেঞ্জার পুলের চতুর্থ ও পঞ্চম দল খেলবে নবম-দশম স্থান নির্ধারণী ম্যাচে।
এশিয়া কাপে হকি যুবাদের টানা দ্বিতীয় হার