বালোগুনের লালকার্ড ইস্যুতে ইনফান্তিনোকে সমর্থন দেবে না বেলজিয়াম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পিএম
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পুনরায় নির্বাচিত হওয়ার দৌড়ে সমর্থন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেলজিয়ান ফুটবল ফেডারেশন। ২০২৬ বিশ্বকাপ ফুটবলে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগুনের বিতর্কিত রেড কার্ডের ঘটনা ও ফিফার পরিচালনা সংক্রান্ত একাধিক বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত এই অবস্থানে অনড় থাকবে বেলজিয়াম।

ঘটনার সূত্রপাত বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর ম্যাচে, যেখানে লাল কার্ড দেখেন যুক্তরাষ্ট্রের তারকা ফোলারিন বালোগুন। নিয়ম অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে তার পরবর্তী ম্যাচে নিষিদ্ধ থাকার কথা থাকলেও, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে ফিফা সভাপতি ইনফান্তিনোকে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান। এর পরপরই ফিফা সেই নিষেধাজ্ঞা স্থগিত করে, যার ফলে শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে খেলার সুযোগ পান এই মার্কিন স্ট্রাইকার।

ইভেন্টটি ঘটার দুই মাস পার হয়ে গেলেও ফিফার কাছ থেকে কোনো স্পষ্ট জবাব না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বেলজিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট পাস্কেল ফন ডাম। এক বিবৃতিতে বেলজিয়াম ফেডারেশন জানায়, সিদ্ধান্তটির সঠিক কারণ কিংবা ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি কীভাবে সামাল দেওয়া হবে, তার কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আন্তর্জাতিক ফুটবলের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা বজায় রাখতে বিষয়টি আগামী ১৫ অক্টোবরের ফিফা কাউন্সিল মিটিংয়ের এজেন্ডায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে তারা।

শুধু বালোগুনের লাল কার্ড পর্বই নয়, ফিফার বাণিজ্যিক স্বত্ব বিক্রি ও ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’-এর গৃহীত একাধিক অস্পষ্ট সিদ্ধান্তের বিষয়েও আপত্তি তুলেছে বেলজিয়াম। ইউরোপীয় ফুটবলের শাসক সংস্থা উয়েফার সঙ্গে আলোচনা বজায় রেখে ফিফার অভ্যন্তরীণ প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতে কাজ করে যাওয়ার কথা জানিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন।
সর্বশেষ সর্বাধিক পঠিত