জুনিয়রদের পথেই হেটেছেন সিনিয়ররা। এএইচএফ অ-২০ হকি টুর্নামেন্টে লড়াই করেও চীনের কাছে হেরেছিল যুবারা। এবার লড়াই করেও পারেনি জাতীয় দল। এশিয়ান গেমসের প্রস্তুতিতে নিজেদের সামর্থ্যরে ভালোই প্রমাণ দিয়েছে বাংলাদেশ জাতীয় হকি দল। চীনের সিনিয়র জাতীয় দলের বিপক্ষে তৃতীয় প্রস্তুতি ম্যাচে দারুণ লড়াই করেও শেষ পর্যন্ত ৬-৫ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
সোমবার তিয়ানজিনের জিংহাই ডিস্ট্রিক্ট তুয়ানবো স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক চীনের মূল জাতীয় দলের বিপক্ষে শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। একপর্যায়ে ম্যাচের ফল নিজেদের পক্ষে নেওয়ার সুযোগও তৈরি করেছিল তারা। তবে শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানে হার মেনে মাঠ ছাড়তে হয়। বাংলাদেশের হয়ে এ ম্যাচে সবচেয়ে উজ্জ্বল ছিলেন রকি। ব্যক্তিগত নৈপুণ্যে দুটি গোল করেন তিনি। এছাড়া আশরাফুল, আমিরুল ও মাহবুব একটি করে গোল করে দলের স্কোরে অবদান রাখেন।
এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসেবে চীনে মোট পাঁচটি প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। এর আগে প্রথম দুটি ম্যাচ প্রাদেশিক দলের বিপক্ষে খেলেছিল লাল-সবুজের দল। চীনের সিনিয়র জাতীয় দলের বিপক্ষে তৃতীয় ম্যাচটিই ছিল সবচেয়ে বড় পরীক্ষা।
চীনে অবস্থান করে বাকি প্রস্তুতি ম্যাচগুলোতেও নিজেদের ঘাটতি কাটিয়ে আরও উন্নতি করতে চাইবে বাংলাদেশ। এশিয়ান গেমসের মূল লড়াইয়ের আগে প্রস্তুতি ম্যাচগুলোতেই দলের কৌশল, সমন্বয় ও খেলোয়াড়দের পারফরম্যান্স আরও শাণিত করার সুযোগ পাচ্ছেন কোচিং স্টাফরা।
পাকিস্তান দলকে ঘিরে আবার ম্যাচ ফিক্সিংয়ের কালো ছায়া; তদন্তে পিসিবি