নারায়ণগঞ্জে শিশু হত্যার ঘটনায় চাচার যাবজ্জীবন

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রিফাত নামে ১২ বছরের শিশু ভাতিজা স্কুল ছাত্রকে অপহরণ করে মুক্তিপণের দাবীতে হত্যার ঘটনায় চাচা মাসুম বিল্লাহতে (২৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ ৫ম আদাতের বিচারক একেএম রকিবুল হাসান আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেছেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ এর সত্যতা নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত মাসুম বিল্লাহ পিরোজপুরের নেছারাবাদ থানাধীন বলদিয়া এলাকার মো. জাকির হোসেনের ছেলে। তিনি নারায়ণগঞ্জের দক্ষিণ রূপসী এলাকায় বসবাস করতেন।

ভুক্তভোগী শিশু রিফাত হোসেন পিরোজপুরের নেছারাবাদ থানাধীন বলদিয়া এলাকার রাসেল মোল্লার ছেলে। তিনি দক্ষিণ রূপসী এলাকায় তার মা ও দুই বোনের সঙ্গে একটি ভাড়া বাড়িতে থাকতেন। স্থানীয় কাজী মহিউদ্দিন মডেল হাই স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়তো রিফাত। মাসুম বিল্লাহ তার সম্পর্কে চাচা হয়।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. মানিক মিয়া বলেন, এটি একটি চাঞ্চল্যকর হত্যা মামলা। ২০২৫ সালের ৩১ মার্চ ঘটনার সময় রমজান মাস ছিল। শিশুটি রোযা রেখে যোহরের নামাজ আদায়ের জন্য বাসা থেকে বের হয়েছিলো। এসময় তার আত্মীয়তার সম্পর্কে চাচা মাসুম বিল্লাহ শিশুটিকে অপহরণ করে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে। মা মুক্তিপণ দিতে অপরাগতা প্রকাশ করলে তাকে হত্যা করে শ্বাসরোধে হত্যা করে পরিত্যক্ত ঘরের ভেতর ফেলে রাখে।

তিনি আরও বলেন, এরপর এদিন রাতে লাশ উদ্ধারের খবর পেয়ে মা সুফিয়া আক্তার ঘটনাস্থলে গিয়ে তার ছেলের লাশ শনাক্ত করে। এদিকে এই ঘটনার পর চাচা মাসুম বিল্লাহ তার গ্রামের বাড়ি পিরোজপুরে থানায় গিয়ে আত্মসমর্পন করে। সেই সাথে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। আদালত এই মামলায় রায় ঘোষণা করেছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত