তিন দশকে শিকড়: শাবিপ্রবিতে দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পিএম

'মুক্ত সংস্কৃতিতে গড়ে তুলি মানব বন্ধন'—এই মূলমন্ত্রকে ধারণ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’ প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে। আগামী ১১ ও ১২ সেপ্টেম্বর ২০২৬ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ আয়োজন। এর নাম দেওয়া হয়েছে 'তিন দশকে শিকড়'।

সংগঠন সূত্রে জানা যায়, ১৯৯৫ সালের ১৯ নভেম্বর শিকড়ের যাত্রা শুরু হয়। সময়ের আবর্তনে মুক্তচিন্তার পথচলায় সংগঠনটি গৌরবের ৩০ বছর পার করেছে। তিন দশক ধরে শিকড় শাবিপ্রবির শিক্ষার্থীদের মধ্যে সংগীত, নৃত্য, আবৃত্তি, নাটক, চিত্রকলাসহ বিভিন্ন ধারার সাংস্কৃতিক চর্চাকে জীবন্ত রেখেছে। পাশাপাশি মুক্তবুদ্ধি ও মানবিক মূল্যবোধ বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সংগঠনটি।

৩০ বছর পূর্তির এ আয়োজনে শিকড়ের বর্তমান ও প্রাক্তন সদস্যরা একত্রিত হয়ে সংগঠনটির দীর্ঘ সাংস্কৃতিক পথচলা উদযাপন করবেন। পাশাপাশি এতে অংশ নেবে ক্যাম্পাসের অন্যান্য সাংস্কৃতিক সংগঠন এবং আমন্ত্রিত বিশিষ্ট শিল্পীবৃন্দ।

প্রথম দিনের কর্মসূচি

১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার সকাল ৯টায় কিট বিতরণের মধ্য দিয়ে শুরু হবে প্রথম দিনের কার্যক্রম। সকাল ১০টায় অনুষ্ঠিত হবে শোভাযাত্রা এবং সকাল ১১টায় কেক কাটা হবে।

বিকেল ৪টায় রিপোর্টিংয়ের পর বিকেল ৫টায় শিকড়ের বর্তমান সদস্যদের পরিবেশনা অনুষ্ঠিত হবে। রাত ৮টায় পরিবেশনায় অংশ নেবেন সংগঠনটির প্রাক্তন সদস্যরা। রাত ১০টায় থাকবে আড্ডা ও রাতের খাবারের আয়োজন।

দ্বিতীয় দিনের কর্মসূচি

১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার সকাল ১০টায় আড্ডা ও খেলাধুলার আয়োজন থাকবে। এতে রঙ খেলা, চ্যারেডস, চকলেট দৌড় ও পিলো পাসিং অনুষ্ঠিত হবে। দুপুর ১টায় থাকবে দুপুরের খাবার।

বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে মতবিনিময় সভা। বিকেল ৫টায় ক্যাম্পাসের অন্যান্য সংগঠনের পরিবেশনা থাকবে। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে মণিপুরী নৃত্য। সন্ধ্যা ৭টায় পরিবেশনা করবে বাউল গোষ্ঠী। রাত ৮টা ৩০ মিনিটে থাকবে বিশেষ অতিথির পরিবেশনা।

শিকড়ের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন সদস্য, সংস্কৃতিকর্মীসহ সংবাদমাধ্যমের সকল প্রতিনিধিকে দুই দিনব্যাপী এ আয়োজনে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত