দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে জমে থাকা মান-অভিমান, তিক্ততা আর অমীমাংসিত অধ্যায়ের ওপর অবশেষে পলেস্তারা পড়ল। আগামী সপ্তাহ থেকেই ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেট দলে যোগ দিচ্ছেন কেভিন পিটারসেন। সাদা বলের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামের অধীনে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে ‘স্পেশালিস্ট মেন্টর’ হিসেবে। আগামী ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য ওডিআই বিশ্বকাপকে সামনে রেখে হ্যারি ব্রুকদের ঘিরে একটি শক্তিশালী দল গঠনের লক্ষ্য নিয়ে কাজ করবে এই কোচিং স্টাফ।
জাতীয় দলে দীর্ঘ ১১ বছর পর ফেরা
গত জুলাইয়ে টেস্ট কোচের পদ থেকে বরখাস্ত হওয়ার পর ব্রেন্ডন ম্যাককালাম এখন কেবল ইংল্যান্ডের সাদা বলের দায়িত্ব সামলাচ্ছেন। আর সেই কোচিং স্টাফের শক্তি বাড়াতেই ফিরিয়ে আনা হলো পিটারসেনকে। ২০১৪ সালে দল থেকে তিক্ততার মধ্য দিয়ে বাদ পড়ার পর এই প্রথম ‘থ্রি লায়ন্স’দের ড্রেসিংরুমে পা রাখবেন সাবেক এই ইংলিশ অধিনায়ক—যার মাধ্যমে দীর্ঘ ১২ বছর পর জাতীয় দলের কোনো অফিসিয়াল ভূমিকায় তাঁর প্রত্যাবর্তন ঘটছে।
স্মৃতির ধুলোবালি ঝেড়ে নতুন দায়িত্বের রোমাঞ্চ ধরা পড়েছে ৪৬ বছর বয়সী পিটারসেনের কণ্ঠে:“দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ জয়ের অভিযানে এই দলকে সাহায্য করার প্রস্তাব পেয়ে আমি অত্যন্ত গর্বিত। ২০১৪ সালের পর এই প্রথম আবার ইংল্যান্ডের জার্সি গায়ে জড়ানো এক গভীর সম্মানের এবং অত্যন্ত বিশেষ এক মুহূর্ত। খেলোয়াড়দের সর্বোচ্চ সম্ভাবনা উন্মোচনে ওদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কঠোর পরিশ্রম করতে আমি মুখিয়ে আছি।”
বিতর্কিত অতীত ও বর্ণাঢ্য ক্যারিয়ার
সব সংস্করণ মিলিয়ে আধুনিক যুগের অন্যতম সেরা ইংলিশ ব্যাটার ছিলেন কেভিন পিটারসেন। কিন্তু ২০১৩-১৪ সালের অ্যাশেজে ৫-০ ব্যবধানে ধবলধোলাই হওয়ার পর টিম ম্যানেজমেন্টের সঙ্গে ব্যক্তিত্বের সংঘাতের কারণে আন্তর্জাতিক ক্যারিয়ারের করুণ সমাপ্তি ঘটেছিল। এর আগেও ২০১২ সালে সতীর্থ ও তৎকালীন অধিনায়ক অ্যান্ড্রিউ স্ট্রাউসের সমালোচনা করে প্রতিপক্ষ প্লেয়ারদের কাছে মেসেজ পাঠানোর অভিযোগে দল থেকে বাদ পড়েছিলেন তিনি।
দল থেকে বাদ পড়ার পর বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি খেলেছেন, ধারাভাষ্য দিয়েছেন, আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসে মেন্টর হিসেবে কাজ করেছেন এবং জনপ্রিয় ইউটিউব চ্যানেল পরিচালনা করছেন।
কে এল রাহুলের ‘মালদ্বীপ’ খোঁচা ও সোশ্যাল মিডিয়া ট্রল
আইপিএল দল দিল্লি ক্যাপিটালসে পিটারসেনের সঙ্গে এক মৌসুম কাজ করেছিলেন ভারতীয় তারকা ব্যাটার কে এল রাহুল। পিটারসেনের ইংল্যান্ড দলে যোগ দেওয়ার খবর ইনস্টাগ্রামে শেয়ার হওয়ার পর রাহুল তাঁকে ট্যাগ করে কমেন্ট করেন:
“প্যাকেজের সাথে কি মালদ্বীপের ছুটিটাও অন্তর্ভুক্ত আছে, @kevinpietersen?”
পিটারসেন এর জবাবে হাসির ইমোজি পাঠান। এমনকি দিল্লি ক্যাপিটালসও এই রসালাপে যোগ দিয়ে কমেন্ট করে, “মেন্টর জিনিসটা আসলে কী?”
'মালদ্বীপ কানেকশন' কী?
আইপিএল ২০২৫-এর কঠিন সিজনের মাঝে দিল্লি ক্যাপিটালস দল কয়েকদিনের জন্য মালদ্বীপে রিক্রিয়েশন ট্রিপে গিয়েছিল, যেখানে পিটারসেনও দলের সঙ্গেই ছিলেন। সেই পুরানো স্মৃতির দিকে ইঙ্গিত করেই মূলত রাহুল এই মজার ট্রল করেন।
শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন ভিটালিটি টি-টোয়েন্টি এবং মেট্রো ব্যাংক ওডিআই সিরিজ দিয়ে যাত্রা শুরু করবেন পিটারসেন। এই শক্তিশালী কোচিং গ্রুপে পিটারসেন ছাড়া আরও থাকছেন:
- মার্কাস ট্রেসকোথিক (সাবেক ইংলিশ ওপেনার)
- টিম সাউদি (সাবেক নিউজিল্যান্ড পেসার)
- জিতন প্যাটেল (স্পিন কোচ)
- সারা টেলর (ফিল্ডিং বিশেষজ্ঞ)
পিটারসেন কেবল শ্রীলঙ্কা সিরিজই নয়, আসন্ন শীতকালীন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সফর, এবং আগামী গ্রীষ্মে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠের সিরিজেও দায়িত্ব পালন করবেন—যা চূড়ান্ত রূপ নেবে ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে।
আর কি কখনো বিশ্বকাপ জিতবে ব্রাজিল?