গাজীপুরের কালিয়াকৈরে একটি বিলে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের মেদীআশুলাই আলুয়া বিলে এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
মৃত শামসুল হক (৪০) গাজীপুরের শ্রীপুর উপজেলার শৈলাট মেডিকেল মোড় এলাকার মৃত আশরফ আলীর ছেলে।
এলাকাবাসী ও উপজেলা পরিষদ জানায়, শামসুল হকসহ কয়েকজন লোক বুধবার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলা থেকে কালিয়াকৈর উপজেলার মেদীআশুলাইর আলুয়ার বিলে বরশী দিয়ে মাছ ধরতে যান। তারা মাছ ধরার সময় সকাল সকাল ১১টার দিকে হঠাৎ করে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এসময় তাদের একটি নৌকার ওপর বজ্রপাত হয়। এতে শামসুল নৌকা থেকে ছিটকে পানিতে পড়ে যায়। পরে আশপাশের লোকজন পানি থেকে তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনার সময় তার সঙ্গে থাকা আব্দুল জলিল ও আব্দুল আলম নামে দুই ব্যক্তি আহত হন। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় চাপাইর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার শিকদার জানান, তার সঙ্গে থাকা লোকজন মরদেহ নিয়ে তাদের গ্রামের বাড়ি চলে যান।