বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পিএম

বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে দেশটির দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কারকিও উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে বিরোধীদলীয় নেতা নেপালে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, ভূমিধস ও পাহাড়ধসে শোক প্রকাশ করেন। এ সময় তিনি রাষ্ট্রদূতের কাছে নেপালের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে চান।

বিরোধীদলীয় নেতার সহানুভূতি প্রকাশের জন্য কৃতজ্ঞতা জানান নেপালের রাষ্ট্রদূত। প্রাকৃতিক দুর্যোগের শুরু থেকেই বিরোধীদলীয় নেতার আন্তরিক তৎপরতা ও শোকবার্তা প্রেরণের কথা উল্লেখ করে তিনি তাঁকে ধন্যবাদ জানান।

নেপালে চলমান উদ্ধার তৎপরতা, মানুষের দুর্ভোগ, ভূমিধসজনিত ধ্বংসযজ্ঞ ও ক্ষয়ক্ষতির বিষয়েও রাষ্ট্রদূত বিরোধীদলীয় নেতাকে অবহিত করেন। এর পরিপ্রেক্ষিতে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর নেপালের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নেপালের পাশে সর্বাত্মকভাবে থাকার আশ্বাস দেন।

বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত