ইউল্যাবে ফল ২০২৬ সেমিস্টারের নবীন বরণ অনুষ্ঠিত

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পিএম

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) ফল ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইউল্যাব ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনে স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি। নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বিশ্ববিদ্যালয় জীবনের সুযোগগুলো সর্বোচ্চ কাজে লাগানোর আহ্বান জানান। শ্রেণিকক্ষের বাইরেও শেখার সুযোগ কাজে লাগানো, সমালোচনামূলক চিন্তাভাবনার বিকাশ এবং ভবিষ্যতে সমাজে অর্থবহ অবদান রাখার জন্য নিজেদের প্রস্তুত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ সময় তিনি ইউল্যাবের লিবারেল আর্টস-ভিত্তিক শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন।

ইউল্যাবের উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা, পিএইচডি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শুধু একটি ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা অর্জনের মাধ্যমে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করার একটি গুরুত্বপূর্ণ সময়।

তিনি নবীন শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের বিকশিত করার আহ্বান জানান।

ওরিয়েন্টেশনের বিশেষ আকর্ষণ হিসেবে উপাচার্য নবীন শিক্ষার্থীদের উপহার হিসেবে দেওয়া বকুল ফুলের বীজসমৃদ্ধ সিড বক্সের সঙ্গে পরিচয় করিয়ে দেন। শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের ব্যক্তিগত বিকাশ ও রূপান্তরের প্রতীক হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা বীজগুলো যত্নের সঙ্গে রোপণ ও পরিচর্যা করে গাছের বেড়ে ওঠার সঙ্গে নিজেদের বিকাশের গল্পও ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন। এ জন্য ইউল্যাবের ওয়েবসাইটে একটি বিশেষ পেজ রয়েছে।

নবীন শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে মারভিয়া ফাতেমা ভূমি ইউল্যাবে তাঁর নতুন যাত্রা নিয়ে অনুভূতি ও প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানের অভিজ্ঞতা বিনিময় পর্বে বক্তব্য দেন ইউল্যাবের সাবেক শিক্ষার্থী শেখ শাহনুমা শারমিন, বিওয়াইডি বাংলাদেশের ব্র্যান্ড স্ট্র্যাটেজি অ্যান্ড ডিজিটালের ব্যবস্থাপক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো, পিএইচডি এবং বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা ও কোষাধ্যক্ষ অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য, পিএইচডি। এ ছাড়া উপস্থিত ছিলেন রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, সাবেক শিক্ষার্থী এবং বিপুলসংখ্যক নবীন শিক্ষার্থী।

অনুষ্ঠানের শেষ পর্বে কোক স্টুডিও বাংলার উপস্থাপনায় ইমন চৌধুরী অ্যান্ড বেঙ্গল সিম্ফনির বিশেষ সংগীত পরিবেশনা অনুষ্ঠিত হয়। প্রাণবন্ত এ পরিবেশনা নবীন শিক্ষার্থীদের জন্য আয়োজনটিকে আরও আনন্দময় ও স্মরণীয় করে তোলে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত