মেয়েদের এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ার আগে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানান, সেমিফাইনালে ভারতকে এড়াতে চান তারা৷ তাতে ফাইনালের রাস্তা সহজ হবে তাদের। তবে গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে হারায় শেষ চারে ভারতকেই প্রতিপক্ষ হিসেবে পায় লাল-সবুজের প্রতিনিধিরা। এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দলের বিপক্ষে অপ্রত্যাশিত কিছু করতেও পারেনি বাংলাদেশ দল। ৪০ রানে হেরে আসর থেকে বিদায় নিতে হয়েছে জ্যোতিদের। ১৫০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১০৯ রানে থামেন তাদের ইনিংস।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের ছন্দহীন ফিল্ডিংয়ের খেসারত দিতে হয়েছে বাংলাদেশকে। ভারতের ইনিংস সর্বোচ্চ ৬৪ রান করা শেফালি ভার্মার ঝড় অনেক আগেই থামানোর সুযোগ ছিল। তবে সহজ ৩টি ক্যাচ ছাড়ার পাশাপাশি রানআউটও মিস করেন তারা৷ সে সুযোগ নিয়ে একাই ম্যাচের ব্যবধান গড়ে দেন ভারতীয় ওপেনার। ৪০ বলের ইনিংস সাজান ৭টি চার ও ৩টি ছয়ের সাহায্যে।
অথচ টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে ভালো শুরু পায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে ৫ বলে ২ রান করা স্মৃতি মান্ধানাকে ফেরান সুলতানা খাতুন। এরপর প্রাতিকা রাওয়ালকে নিয়ে হাল ধরেন শেফালি। তার ব্যাটেই ৬ ওভারের পাওয়ারপ্লেতে ১ উইকেট হারিয়ে ৪৫ রান তোলে ভারত। কিছুক্ষণ পর রাওয়ালকে (২০) ফিরিয়ে বাংলাদেশকে স্বস্তি এনে দেন রাবেয়া খান। তবে অন্য প্রান্তে তাণ্ডব চালান শেফালি। দ্রুত ফিফটি তুলে নিয়ে বোলারদের ওপর আরও চড়াও হন। বেশি আগ্রহী হতে গিয়ে সুলতানার দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি।
শেফালি ফেরার পর অধিনায়ক হারমানপ্রীত কউর দলকে বড় সংগ্রহের পথে রাখেন। তার ২৮ বলে অপরাজিত ২৪ রানের ইনিংসের সঙ্গে রিচা ঘোষের ১৬ বলে ২১ ও দীপ্তি শর্মার ৬ বলে ১৩ রানের সৌজন্যে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রানের পুঁজি পায় ভারত। বাংলাদেশের হয়ে সুলতানা সর্বাধিক ২টি উইকেট নেন।
বিশাল লক্ষ্য তাড়ায় দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌসের ব্যাটে ভালো শুরু পেলেও রানের সঙ্গে পাল্লা দিতে পারেনি বাংলাদেশ দল। জুয়াইরিয়া ব্যক্তিগত ১৪ রানে আউট হওয়ার পর দিলারা ২১ রানে থামেন৷ এরপর সোবহানা মোস্তারি (১৮) ও জ্যোতি (১৯) চেষ্টা করলেও তাদের রান তোলার গতি যথেষ্ট হয়নি। পরপর দুই ওভারে এই দুই ব্যাটার আউট হওয়ার পর স্বর্ণা আক্তার ও ফাহিম খাতুন চেষ্টা করেন৷ তবে স্বর্ণার ১৮ বলে অপরাজিত ২২ ও ফাহিমার ১৪ বলে ১৪ রানের ইনিংস দুটি জয়ের ব্যবধানই কমিয়েছে শুধু। ৭ উইকেট হারিয়ে ১০৯ রানে থামে বাংলাদেশের ইনিংস।