১৫ পদে ৯০ জনকে নিয়োগ দেবে আশুগঞ্জ পাওয়ার: যেভাবে করতে হবে আবেদন

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ১০:০৯ পিএম

১৫টি পদে ৯০ জনকে নিয়োগ দেবে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল)। আগ্রহী প্রার্থীরা আগামী ২ নভেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।

সম্প্রতি কোম্পানিটির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী প্রকৌশলী, সহকারী ব্যবস্থাপক, উপসহকারী প্রকৌশলী, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, ফায়ারম্যান, নিরাপত্তা প্রহরী ও স্টোর হেলপার পদে জনবল নিয়োগ দেওয়া হবে।

পদগুলোর মধ্যে সহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক) পদে ১৫ জন এবং সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) পদে ১১ জন নেওয়া হবে। সহকারী ব্যবস্থাপক (প্রকিউরমেন্ট) পদে একজন, সহকারী ব্যবস্থাপক (স্টোর) পদে দুজন, সহকারী ব্যবস্থাপক (কেমিক্যাল) পদে দুজন, সহকারী ব্যবস্থাপক (হেলথ, সেফটি অ্যান্ড এনভায়রনমেন্ট) পদে দুজন, সহকারী ব্যবস্থাপক (অর্থ/হিসাব/ইন্টারনাল অডিট) পদে দুজন এবং সহকারী ব্যবস্থাপক (এইচআর ও প্রশাসন) পদে তিনজন নিয়োগ পাবেন।

এ ছাড়া, উপসহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক) পদে নয়জন, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) পদে ১৩ জন, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (অর্থ/হিসাব/ইন্টারনাল অডিট) পদে তিনজন এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর পদে আটজন নেওয়া হবে। ফায়ারম্যান পদে ছয়জন, নিরাপত্তা প্রহরী পদে ১২ জন এবং স্টোর হেলপার পদে একজন নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা ও বেতন: সহকারী প্রকৌশলী পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। বৈদ্যুতিক পদের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং যান্ত্রিক পদের ক্ষেত্রে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি চাওয়া হয়েছে।

সহকারী ব্যবস্থাপক পদগুলোর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পদভেদে প্রকৌশল, রসায়ন, পরিবেশবিজ্ঞান, হিসাববিজ্ঞান, ফিন্যান্স, এইচআরএম বা ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। কেবল সহকারী ব্যবস্থাপক (স্টোর) পদে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।

উপসহকারী প্রকৌশলী পদে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে স্নাতক বা সংশ্লিষ্ট ডিগ্রি এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর পদে স্নাতক ডিগ্রি প্রয়োজন।

ফায়ারম্যান, নিরাপত্তা প্রহরী ও স্টোর হেলপার পদে এসএসসি বা সমমানের যোগ্যতা চাওয়া হয়েছে। ফায়ারম্যান পদে শারীরিক যোগ্যতার পাশাপাশি ফায়ার সার্ভিস বা অগ্নিনির্বাপণ কাজে প্রশিক্ষণ ও অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। নিরাপত্তা প্রহরী পদে প্রশিক্ষণপ্রাপ্ত সাবেক সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।

সহকারী প্রকৌশলী ও সহকারী ব্যবস্থাপক পদগুলোর মূল বেতন ৫২ হাজার টাকা। উপসহকারী প্রকৌশলী পদে মূল বেতন ৪০ হাজার টাকা, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে ২০ হাজার টাকা এবং ফায়ারম্যান, নিরাপত্তা প্রহরী ও স্টোর হেলপার পদে ১৪ হাজার ৫০০ টাকা।

আবেদনের শর্ত ও সুযোগ-সুবিধা: বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩০ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। নিরাপত্তা প্রহরী পদে সাবেক সামরিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪২ বছর।

প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যেকোনো পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ অথবা সিজিপিএ ৪ স্কেলে ২.৫০ কিংবা ৫ স্কেলে ৩.৫০ থাকতে হবে। সব পদে বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা, কম্পিউটার চালনায় পারদর্শিতা ও নেতৃত্বের গুণ থাকতে হবে।

নিয়োগপ্রাপ্তরা মূল বেতনের পাশাপাশি নিয়মিত আবাসন (খালি থাকা সাপেক্ষে) অথবা প্রতিষ্ঠানের বিধি অনুযায়ী বাড়িভাড়া, দুটি উৎসব ভাতা, নববর্ষ ভাতা, শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা বা প্রতিপূরণ এবং প্রযোজ্য ক্ষেত্রে পাওয়ার স্টেশন ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

প্রাথমিকভাবে এক বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে নিয়োগ দেওয়া হবে। শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে শেষ হলে এক বছরসহ মোট তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ নিশ্চিত করা হবে। সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে প্রতি তিন বছর পর চুক্তি নবায়ন করা হবে। অবসরের বয়স ৬০ বছর।

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীদের এপিএসসিএলের ওয়েবসাইট (https://apscl.gov.bd) অথবা টেলিটকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট (http://apscl.teletalk.com.bd) থেকে আবেদন করতে হবে। আবেদন ও পরীক্ষার ফি জমা দেওয়ার কার্যক্রম শুরু হবে ২ নভেম্বর সকাল ১০টায়। শেষ সময় ৩০ নভেম্বর বিকেল ৫টা।

পরীক্ষার ফি হিসেবে সহকারী প্রকৌশলী, সহকারী ব্যবস্থাপক ও উপসহকারী প্রকৌশলী পদের জন্য ২২৩ টাকা, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ১১২ টাকা এবং বাকি তিনটি পদের জন্য ৫৬ টাকা দিতে হবে। টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে নির্ধারিত পদ্ধতিতে এ ফি জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনের বাইরে কোনো আবেদন গ্রহণ করা হবে না। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা বিদ্যুৎখাতের প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের সংশ্লিষ্ট সনদের সত্যায়িত কপি মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে।

নিয়োগের ক্ষেত্রে সরকারি কোটা নীতিমালা অনুসরণ করা হবে। কর্তৃপক্ষ যেকোনো আবেদন বা নিয়োগপ্রক্রিয়া বাতিল এবং পদের সংখ্যা বাড়ানো বা কমানোর অধিকার সংরক্ষণ করে। নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে। কোনো ধরনের তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অনলাইনে আবেদন ও ফি জমার কাজ প্রার্থীকে নিজেকেই করতে হবে। অন্য কোনো মাধ্যমের সহায়তায় আবেদন করতে গিয়ে প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। শেষ সময়ের জন্য অপেক্ষা না করে হাতে পর্যাপ্ত সময় নিয়ে আবেদন করার পরামর্শও দিয়েছে প্রতিষ্ঠানটি।

সর্বশেষ সর্বাধিক পঠিত