অপপ্রচার রোধে দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পিএম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

আজ সংসদ ভবনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ আহ্বান জানানো হয়। কমিটির সভাপতি মো. আমানউল্লাহ আমান বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে বলা হয়, রাজনীতিতে গালির সংস্কৃতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড থেকে সুরক্ষা দিতে সাইবার সিকিউরিটি অ্যাক্ট কার্যকর ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করা হয়। 

বৈঠকে আরো বলা হয়, সবার মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে এবং জাতীয় প্রেস ক্লাব সাংবাদিকদের মতপ্রকাশ ও পেশাগত স্বাধীনতা চর্চার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। 

এসময় জাতীয় প্রেস ক্লাবের প্রয়োজনীয় সংস্কার ও মেরামতের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি প্রেস ক্লাবের অডিটোরিয়াম আরো সুন্দর ও আধুনিকায়নের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়।

বৈঠকের শুরুতে পরিচিতি পর্ব সম্পন্ন হয়। 

মন্ত্রণালয়ের কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বৈঠকে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে স্বচ্ছতার সঙ্গে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনার বিষয়ে মত প্রকাশ করা হয়।

অতীতের ১৭ বছরের বিভিন্ন গ্লানি থেকে বেরিয়ে এসে নতুন উদ্যোমে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়। এসময় সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কথাও উল্লেখ করা হয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তর বা সংস্থাসমূহের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য বৈঠকে উপস্থাপন করা হয়।

কমিটির সদস্য ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, মো. আশরাফ উদ্দিন, মো. মোস্তাফিজুর রহমান বাবুল, মো. মজিবুর রহমান, নিলোফার চৌধুরী মনি, ফাহমিদা হক, মো. শফিকুল ইসলাম এবং মোসা. নাজমুন নাহার বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তরসমূহের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট সংস্থাসমূহের প্রধানগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত