ব্যাক-টু-ব্যাক ঋণপত্রের (এলসি) বিপরীতে স্থানীয়ভাবে পণ্য সরবরাহের বিল ২৭০ দিনের বেশি বকেয়া থাকলে সংশ্লিষ্ট রপ্তানিকারককে রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণ দেওয়া যাবে না।
ইডিএফ ঋণের আবেদন বাংলাদেশ ব্যাংকে পাঠানোর আগে এডি ব্যাংকগুলোকে স্থানীয় সরবরাহের বিলের বকেয়া পরিস্থিতি যাচাই করতে হবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-১ (এফইপিডি)।
কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, গত ২৩ জুলাই জারি করা এফইপিডি-১ সার্কুলার নম্বর ২৪-এর ৪(ঘ) অনুচ্ছেদ অনুযায়ী, ইডিএফ ঋণের জন্য বাংলাদেশ ব্যাংকে আবেদন করার আগে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে ডিমড এক্সপোর্টারদের বকেয়া পরিস্থিতি যাচাই করতে হয়।
অন্যদিকে, গত ১৩ আগস্ট জারি করা এফইপিডি-১ সার্কুলার নম্বর ৩০-এর পার্ট-জি-এর ২(ঘ) অনুচ্ছেদে সর্বোচ্চ ২৭০ দিনের মেয়াদে উস্যান্স ভিত্তিতে ব্যাক-টু-ব্যাক আমদানি এলসি খোলার সুযোগ দেওয়া হয়েছে।
এই দুই নির্দেশনার মধ্যে সামঞ্জস্য রাখতে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, যোগ্য উৎপাদনকারীদের বাল্ক আমদানির জন্য ইডিএফ অর্থায়নের ক্ষেত্রে স্থানীয় সরবরাহের বিলের বকেয়া পরিস্থিতি বিবেচনা করতে হবে। ব্যাক-টু-ব্যাক এলসির বিপরীতে স্থানীয় সরবরাহের বিল ২৭০ দিনের বেশি বকেয়া না থাকলে ইডিএফ অর্থায়নের আবেদন করা যাবে।
সার্কুলারে আরও বলা হয়েছে, ইডিএফ ঋণ পরিচালনার বিষয়ে গত ২৩ জুলাই জারি করা সার্কুলার নম্বর ২৪-এর অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। সংশ্লিষ্ট সব পক্ষকে এ নির্দেশনার বিষয়টি জানাতে এডি ব্যাংকগুলোকে বলা হয়েছে।