এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের ম্যাচে বড় ধাক্কা খেয়েছে আল নাসর। সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইনের মাঠে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট শুরু করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। সৌদি প্রো লিগ ক্লাবটিতে যোগ দেওয়ার পর এটিই রোনালদোর ক্যারিয়ারে সবচেয়ে বড় ব্যবধানের পরাজয়। তবে এই হতাশার ম্যাচের চেয়েও বেশি আলোচনার জন্ম দিয়েছে আর্জেন্টাইন মিডফিল্ডার মাতিয়াস পালাসিওসের সঙ্গে পর্তুগিজ মহাতারকার মাঠের উত্তপ্ত বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি।
ম্যাচের শেষদিকে আল আইনের বক্সে বল দখলের লড়াইকে কেন্দ্র করে মেজাজ হারিয়ে বসেন রোনালদো। অবশ্য ২৪ বছর বয়সী পালাসিওসের সঙ্গে এর আগেও ২০২৪ সালের নভেম্বর মাসে একই টুর্নামেন্টে হাতাহাতির ঘটনা ঘটেছিল তার। তবে গতকাল রাতের চিত্রটি ছিল আরও ভয়াবহ।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন বলছে, মাঠে রোনালদোকে শুধু তার বয়সের কথা মনে করিয়ে দিয়ে পালাসিওস বলেছিলেন, বলের দখল তিনিই আগে পাবেন। আর এই কথায় মারাত্মক চটে যান পর্তুগিজ ফরোয়ার্ড। কনুইয়ের ধাক্কায় পালাসিওসকে মাটিতে ফেলে দেওয়ার পাশাপাশি দুজনে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
এদিকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের বাজে পারফরম্যান্স এবং রোনালদোর একাদশে থাকা নিয়ে কঠোর সমালোচনার মুখে পড়তে হয় আল নাসর কোচ অ্যাঞ্জে পোস্তেকোগলুকে। এক সৌদি সাংবাদিক প্রশ্ন তোলেন, রোনালদো কি দলের জন্য এখন বোঝা হয়ে দাঁড়িয়েছেন?
সাংবাদিকের এমন তীর্যক জবাবে অত্যন্ত ক্ষুব্ধ হন কোচ পোস্তেকোগলু। সাফ জানিয়ে দেন, ‘ক্রিশ্চিয়ানো ইতিমধ্যে তিনটি গোল করেছে। তার প্রস্তুতির সময় সীমিত ছিল। এটি খেলোয়াড়দের ব্যাপার নয়। খেলোয়াড়রা তাদের সর্বস্ব দিচ্ছে এবং তারা চমৎকার চরিত্রের টপ-ক্লাস খেলোয়াড়।’
রোনালদোকে নিয়ে এমন মন্তব্য করায় সাংবাদিককে সতর্ক করে কোচ আরও যোগ করেন, ‘দায়িত্ব আমার ওপর পড়তে পারে, কিন্তু এমন একজন সম্পর্কে আপনার এমন কথা বলা উচিত নয় যে এখনও সবার কাছে একটি আদর্শ রোল মডেল। যারা ক্যারিয়ারজুড়ে খেলা চালিয়ে যাওয়ার জন্য সব ধরনের ত্যাগ স্বীকার করে এসেছে, তাদের সম্পর্কে কিছু বলার সময় আপনাকে সাবধানে থাকতে হবে। আপনি আমাকে সমালোচনা করতে পারেন, কোনো সমস্যা নেই।’
সাংবাদিক যখন আবার দাবি করেন রোনালদো ম্যাচে ‘কিছুই করেননি’, তখন কড়া প্রতিক্রিয়া জানিয়ে কোচ পাল্টা প্রশ্ন করেন, ‘সে কিছুই করেনি? আপনি মনে হয় অন্য কোনো ম্যাচ দেখছেন!’
ভারতের তীব্র সমালোচনা পাকিস্তান কিংবদন্তীর, 'বিনয়হীন জাতি বিজিতই থেকে যায়'