আওয়ামী লীগের মিছিল

সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসি ও ওসিকে 

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ এএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলের ঘটনার পর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে ডিএমপির গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে। এর আগে গুলশান মডেল থানার ওসি মো. দাউদ হোসেনকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়।

গতকাল বুধবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব অর্পণ করে তানভীর আহমেদকে ডিএমপি সদর দপ্তরে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার এম তানভীর আহমেদকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে ঢাকা মেট্রোপলিটন সদর দপ্তরে সংযুক্ত করা হলো।

এর আগে একই দিনে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত অপর এক অফিস আদেশে গুলশান মডেল থানার ওসি মো. দাউদ হোসেনকে সরিয়ে দেওয়া হয়। আদেশে বলা হয়, প্রশাসনিক কারণে ১৬ সেপ্টেম্বর পূর্বাহ্নে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে দাউদ হোসেনকে সংযুক্ত (ক্লোজড) করা হলো।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রাজধানীর গুলশান থানাধীন ৩ নম্বর সড়কের কেএফসিসংলগ্ন সড়কে মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিল ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করে। এ সময় দুজনকে হাতেনাতে গ্রেপ্তার ও পাঁচটি ককটেল উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর অভিযান চালিয়ে এখন পর্যন্ত অন্তত ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত