ইরান যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের

ট্রাম্পের দাবি, তেহরানের সঙ্গে সরাসরি যোগাযোগ হয়েছে এবং ইরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। তবে চূড়ান্ত কোনো চুক্তি বা যুদ্ধবিরতির ঘোষণা এখনো আসেনি।

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ এএম

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ সম্ভবত শেষের দিকে যাচ্ছে। একই সঙ্গে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের সরাসরি যোগাযোগ হয়েছে বলেও দাবি করেছেন তিনি। খবর আলজাজিরার।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি ইরানের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলেছেন। ইরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী বলেও তিনি আবার দাবি করেন।

ট্রাম্পের এই বক্তব্যকে সাম্প্রতিক সময়ে কূটনৈতিকভাবে যুদ্ধের অবসানের সম্ভাবনার বিষয়ে তাঁর প্রশাসনের সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। তবে এখনো কোনো চূড়ান্ত চুক্তি বা যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়নি।

তবে ট্রাম্পের ‘সরাসরি যোগাযোগের’ দাবি নিয়ে তেহরানের প্রকাশ্য অবস্থান ভিন্ন। ইরানের কর্মকর্তারা এর আগে ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনার দাবি অস্বীকার বা গুরুত্ব কমিয়ে দেখিয়েছেন। একই সঙ্গে তারা বলে আসছেন, যেকোনো কূটনৈতিক প্রক্রিয়ায় ইরানের সার্বভৌমত্ব ও স্বার্থ সুরক্ষিত থাকতে হবে।

এর মধ্যেই বুধবার চীনের রাজধানী বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ওয়াং ই যুক্তরাষ্ট্র ও ইরানকে সংযত থাকার আহ্বান জানান। পাশাপাশি জুনে হওয়া অন্তর্বর্তী শান্তি চুক্তি পুনরুজ্জীবিত করে আবারও অর্থবহ আলোচনায় ফেরার আহ্বান জানান তিনি।

আরাগচি বলেন, ইরান নিজেদের রক্ষায় প্রস্তুত রয়েছে। তবে ইরানের অধিকার সুরক্ষিত থাকে—এমন কূটনৈতিক উদ্যোগের পথও খোলা রয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বেইজিংয়ের বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার কাঠামো পুনর্গঠন এবং পারস্পরিক উদ্বেগের বিষয়গুলো নিয়ে কার্যকর আলোচনা শুরুর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত