বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ ছাত্রপক্ষের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ সাক্ষাতে ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের মানুষের সংহতি, ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমারেখার ভিত্তিতে ফিলিস্তিন ও ইসরাইলের দ্বি-রাষ্ট্র সমাধান, বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশ ছাত্রপক্ষের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ প্রিন্স প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রতিনিধি দলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন গোলাম মোস্তফা, আকরাম খান, মুয়াজ বিন হোসাইন ও সাদিয়া আফরিন।
বৈঠকে ফিলিস্তিনের জনগণের ন্যায্য অধিকার, আত্মনিয়ন্ত্রণের অধিকার ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার প্রতি বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের সংহতি ও সমর্থনের বিষয়টি তুলে ধরা হয়। ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমারেখার ভিত্তিতে ফিলিস্তিন ও ইসরাইলের দ্বি-রাষ্ট্র সমাধান এবং ফিলিস্তিনের জনগণের শান্তি, নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়েও মতবিনিময় হয়।
এছাড়া বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, দেশের ভবিষ্যৎ, তরুণ প্রজন্মের ভূমিকা এবং ছাত্রসমাজের অংশগ্রহণ নিয়ে আলোচনা করেন প্রতিনিধিরা। আন্তর্জাতিক পরিসরে ছাত্র সংগঠনগুলোর পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়টিও বৈঠকে উঠে আসে।
বাংলাদেশ ও ফিলিস্তিনের তরুণ সমাজের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশ ছাত্রপক্ষের পক্ষ থেকে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করা এবং দুই দেশের জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।