আনোয়ারায় গ্যাস লিকেজ থেকে আগুন, পুড়ল অটোরিকশা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় একটি সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট আগুনে গাড়িটি পুড়ে ছাই হয়ে গেছে। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদ এলাকায় মোহছেন আউলিয়া সড়কে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শী ও চালক সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে উপজেলার চরজুঁইদন্ডী গাবতল এলাকা থেকে চারজন যাত্রী নিয়ে অটোরিকশাটি বটতলী রুস্তমহাট যাচ্ছিল। গাড়িটি ইউনিয়ন পরিষদ এলাকায় পৌঁছালে চালক মো.শাহফাজ হঠাৎ গ্যাস সিলিন্ডার লিকেজের শব্দ শোনে। 

এ সময় গাড়ি থেকে যাত্রীদের নামিয়ে দিয়ে গ্যাস লিকেজ বন্ধ করার চেষ্টা করলে আগুন ধরে যায়। তবে সিলিন্ডার বিস্ফোরণের ভয়ে স্থানীয়রা কেউ এগিয়ে না আসায় অটোরিকশাটি পুরোপুরি পুড়ে যায়। 

চালক শাহফাজ জানান, ‘আমি অতি দরিদ্র লোক। গাড়িটিই ছিল আমার উপার্জনের একমাত্র ভরসা। আরেকটি গাড়ি কিনতে আমার ঋণ করা ছাড়া উপায় নেই।’ 

সর্বশেষ সর্বাধিক পঠিত