বিচার প্রশাসনে বড় ধরনের বদলি ও রদবদল করেছে সরকার। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে কর্মরত বিভিন্ন পর্যায়ের ৯৯ বিচারককে বদলি ও পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এসব বিচারককে বদলি ও পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বদলি হওয়া বিচারকদের মধ্যে ৪৪ জন জেলা ও দায়রা জজ, ২৬ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ২৫ জন যুগ্ম জেলা ও দায়রা জজ, দুজন সিনিয়র সিভিল জজ এবং দুজন সিভিল জজ রয়েছেন।
জেলা ও দায়রা জজ এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদমর্যাদার কয়েকজন বিচারককে বিভিন্ন মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং নির্বাচন কমিশন সচিবালয়ে আইন ও বিচার-সংক্রান্ত পদে বদলি করা হয়েছে।
জেলা ও দায়রা জজ পর্যায়ে
সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকারকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা, ঝিনাইদহের ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক মো. মাসুদ আলীকে আইন ও বিচার বিভাগের উপসচিব, পাবনার পারিবারিক আপিল আদালতের বিচারক মো. ফেরদৌস ওয়াহিদকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা এবং আইন ও বিচার বিভাগে সংযুক্ত সোনিয়া আহমেদকে আইন ও বিচার বিভাগের ডেপুটি সলিসিটর করা হয়েছে।
এ ছাড়া জেলা ও দায়রা জজ পদমর্যাদার অন্য বিচারকদের বিভিন্ন জেলার জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল ও মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক পদে বদলি ও পদায়ন করা হয়েছে। কয়েকজনকে বাংলাদেশ আইন কমিশন এবং বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটেও পদায়ন করা হয়েছে।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ পর্যায়ে
দুর্নীতি দমন কমিশন সচিবালয়ের উপপরিচালক মো. হুমায়ুন কবীরকে ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ, রংপুরের অতিরিক্ত মহানগর দায়রা জজ মোছা. মার্জিয়া খাতুনকে নীলফামারীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদারকে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ করা হয়েছে।
এ ছাড়া কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধানকে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ, নীলফামারীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এনামুল হক বাসুনিয়াকে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ, আইন ও বিচার বিভাগে সংযুক্ত অতিরিক্ত জেলা জজ মো. মতিউর রহমানকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা জজ শফি উদ্দিনকে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সুলতান মাহমুদকে পঞ্চগড়ের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট করা হয়েছে।
আইন ও বিচার বিভাগে সংযুক্ত অতিরিক্ত জেলা জজ মো. নুরু মিয়াকে নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ, বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জহির উদ্দিনকে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শহীদুল ইসলামকে বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট করা হয়েছে।
এ ছাড়া আইন ও বিচার বিভাগে সংযুক্ত অতিরিক্ত জেলা জজ তাহেরা আনোয়ারকে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ, খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শামীম সুফিকে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ, মাদারীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নাহিদুর রহমানকে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ, মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফাহমিদা খাতুনকে মাদারীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং আইন ও বিচার বিভাগে সংযুক্ত অতিরিক্ত জেলা ও দায়রা জজ রায়হানুল ইসলামকে লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ করা হয়েছে।
যুগ্ম জেলা ও দায়রা জজ পর্যায়ে
নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীকে পটুয়াখালীর কলাপাড়া আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ, ঢাকার অর্থঋণ আদালতের বিচারক মো. মোশাররফ হোসেনকে পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আইন ও বিচার বিভাগে সংযুক্ত যুগ্ম জেলা জজ ইসরাত জাহানকে হবিগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ এবং যশোরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আসাদুল ইসলামকে ঢাকার যুগ্ম জেলা ও দায়রা জজ করা হয়েছে।
এ ছাড়া নারায়ণগঞ্জের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের যুগ্ম জেলা জজ মো. মেহেদী হাসানকে সিরাজগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ, আইন ও বিচার বিভাগে সংযুক্ত যুগ্ম জেলা জজ হরিদাস কুমারকে সিলেটের জেলা জুডিসিয়াল অ্যাডমিনিস্ট্রেটর এবং দিনাজপুরের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের যুগ্ম জেলা জজ ইকবাল হাসানকে রংপুরের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের যুগ্ম জেলা জজ করা হয়েছে।
চিফ লিগ্যাল এইড অফিসার পদে নিয়োগ
বদলি ও পদায়নের অংশ হিসেবে বিভিন্ন জেলার চিফ লিগ্যাল এইড অফিসার পদেও বিচারকদের নিয়োগ দেওয়া হয়েছে।
আইন ও বিচার বিভাগে সংযুক্ত যুগ্ম জেলা জজ রাহেলা পারভীনকে কিশোরগঞ্জ, ফাতেমা তুজ জোহরা মুনাকে মুন্সিগঞ্জ, নরসিংদীর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মো. তারেক আজিজকে নরসিংদী, জয়পুরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ জান্নাতুল রাফিন সুলতানাকে জয়পুরহাট এবং কুড়িগ্রামের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক কনক বড়ুয়াকে কুড়িগ্রামের চিফ লিগ্যাল এইড অফিসার করা হয়েছে।
এ ছাড়া দিনাজপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ ফাতিমা খাতুনকে দিনাজপুর, আইন ও বিচার বিভাগে সংযুক্ত যুগ্ম জেলা জজ সাবিনা ইয়াসমিনকে মাগুরা এবং ময়মনসিংহের যুগ্ম জেলা ও দায়রা জজ তারিকুল ইসলামকে ঝিনাইদহের চিফ লিগ্যাল এইড অফিসার করা হয়েছে।
কুষ্টিয়ার যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আরিফুল ইসলামকে কুষ্টিয়া, আইন ও বিচার বিভাগে সংযুক্ত যুগ্ম জেলা জজ আসমা মাহমুদকে চাঁপাইনবাবগঞ্জ, তানিয়া ইসলামকে ঢাকা মহানগর এবং নাসিমা খাতুনকে ময়মনসিংহের চিফ লিগ্যাল এইড অফিসার করা হয়েছে।
এ ছাড়া বান্দরবানের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দাউদ হাসানকে কক্সবাজার, চট্টগ্রামের মানি লোন কোর্টের যুগ্ম জেলা জজ মো. হাসিবুল হাসানকে যশোর, নড়াইলের যুগ্ম জেলা ও দায়রা জজ শারমিন সুলতানা সুমিকে রাজবাড়ী এবং খাগড়াছড়ির যুগ্ম জেলা ও দায়রা জজ শ্রী জ্ঞান তঞ্চঙ্গ্যাকে বান্দরবানের চিফ লিগ্যাল এইড অফিসার করা হয়েছে।
অন্যান্য পদায়ন
মেহেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদুর রহমানকে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব, চট্টগ্রামের সন্দ্বীপের সিনিয়র সিভিল জজ আবদুল্লাহ আল হাসিবকে ঢাকার বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের সহকারী পরিচালক, গাজীপুরের সিভিল জজ মাসুমা রহমানকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা এবং নোয়াখালীর সিভিল জজ এস এম শামীম রেজাকে ঝালকাঠির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট বিচারকদের নির্ধারিত পদে বদলি ও পদায়নের এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ