অস্ট্রেলিয়াকে হারানোয় আশরাফুল হকের চোখে আনন্দ অশ্রু

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ এএম

অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করে দেশে ফেরা বাংলাদেশ দলকে সংবর্ধনা দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের খেলোয়াড়দের জন্য তৈরি লাউঞ্জ ‘টাইগার্স ডেন’-এ আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সাধারণ সম্পাদক ও কোয়াবের উপদেষ্টা কমিটির সদস্য সৈয়দ আশরাফুল হক।

বাংলাদেশের টেস্ট মর্যাদা পাওয়ার সময়কার স্মৃতি মনে করতে গিয়ে কান্নাজড়ানো কণ্ঠে আশরাফুল বলেন, “যখনই আমি ভাবি যে, আমরা এটি করে দেখিয়েছি, আমার চোখে পানি চলে আসে এবং আমি আবেগপ্রবণ হয়ে পড়ি। আমরা যখন প্রথম টেস্ট স্ট্যাটাস পাই, মানুষ আমাদের নিয়ে হাসাহাসি করছিল এবং এটা অনেকেই মজার ছলে বলেছিলÑ ‘তোমরা টেস্ট স্ট্যাটাস নিয়ে কী করবে? তোমরা তো অন্তত আগামী ৫০ বা ১০০ বছর সব ম্যাচই হারতে থাকবে।’ আমি বলেছিলাম, ‘না, আমরা ঘুরে দাঁড়াব।’ তোমরা (বর্তমান দলের উদ্দেশে) সেটিকে প্রমাণ করে দেখালে।”

বাংলাদেশের টেস্ট মর্যাদার জন্য আবেদন ও প্রচেষ্টার সময় আশরাফুল দেশের ক্রিকেটের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। বিসিবির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে ক্রিকেট প্রশাসনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। সেই সময়ের স্মৃতি টেনে তিনি বলেন, বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার বিষয়টি একসময় তার কাছেও ছিল প্রায় অকল্পনীয়। আশরাফুল বলেন, ‘আমরা যখন টেস্ট স্ট্যাটাসের জন্য আবেদন করি, তখন আমি কল্পনাও করতে পারিনি যে, আমার জীবদ্দশায় আমরা টেস্ট স্ট্যাটাস পাব। আমরা সেটি পেয়েছি। আমরা টেস্ট ম্যাচ জিতেছি এবং এখন আমরা সেরাদেরও হারিয়ে দিয়েছি। তোমাদের প্রচেষ্টার জন্য ধন্যবাদ। আমাদের গর্বিত করার জন্য এবং আমাদের সুখী ও সৌভাগ্যবান করার জন্য।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সাফল্যে নাজমুল হোসেন শান্ত, মমিনুল হকদের প্রশংসা করেন আশরাফুল, ‘অস্ট্রেলিয়ার মতো জায়গায় তিন দিনে অস্ট্রেলিয়াকে হারিয়ে এত বড় একটা দুর্দান্ত জয় এনে দিয়েছ। তোমরা জাতিকে গর্বিত করেছ, তোমরা পুরো ক্রিকেটবিশ্বকে গর্বিত করেছ। তারা এখন বুঝতে পেরেছে যে, আমাদের এমন একটা দল আছে, যারা বিশ্বের অন্য যেকোনো দলের সঙ্গে মোকাবিলা করতে পারে।’

এই সংবর্ধনা অনুষ্ঠানে অস্ট্রেলিয়া সফর করে আসা দলের সব সদস্যকে সাফল্যের স্মারক হিসেবে কোয়াবের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। সেখানে টিম ম্যানেমেন্টের সদস্য, বিসিবি সভাপতি তামিম ইকবাল, কয়েকজন বোর্ড পরিচালক এবং কোয়াবের উপদেষ্টা কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত