সকালের ব্যস্ত সময়ে হঠাৎ বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শুরু হওয়া বৃষ্টিতে কর্মস্থলমুখী মানুষ চরম ভোগান্তিতে পড়েন। কেউ ছাতা মাথায়, কেউ বৃষ্টিতে ভিজেই ছুটেছেন গন্তব্যের পথে। কোথাও সড়কে জমেছে পানি, কোথাও ধীরগতির হয়েছে যান চলাচল। সব মিলিয়ে বৃষ্টির কারণে ব্যাহত হয়েছে রাজধানীর স্বাভাবিক জনজীবন।
অফিসগামী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে বৃষ্টি থেকে বাঁচতে দোকানের ছাউনি, ভবনের প্রবেশপথ ও বাসস্টপে আশ্রয় নিতে দেখা যায়। জরুরি প্রয়োজনে কিংবা কর্মস্থলে যাওয়ার পথে অনেকেই বৃষ্টিতে ভিজে যান। কোথাও কোথাও সড়কে পানি জমে হাঁটাচলা ও যানবাহন চলাচলেও সমস্যা তৈরি হয়।
বৃষ্টির সময় রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের গতি কমে যায়। গণপরিবহনের অপেক্ষায় থাকা যাত্রীদেরও ভোগান্তিতে পড়তে হয়। বৃষ্টির কারণে কিছু সড়কে যানবাহনের সংখ্যা কমে যায়। এতে অনেক যাত্রীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়। আবার কোথাও যানবাহনের চাপ বেড়ে ধীরগতি তৈরি হয়। ফলে বৃষ্টিতে ভেজার পাশাপাশি যানজটেও আটকে থাকতে হয় নগরবাসীকে।
পথচারীরা বলেন, সকালের ব্যস্ত সময়ে হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় চলাচলে ভোগান্তি বেড়েছে। কর্মস্থল ও প্রয়োজনীয় কাজে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে বৃষ্টির মুখে পড়েন অনেকে। কেউ বৃষ্টিতে ভিজেই গন্তব্যে পৌঁছান, আবার কেউ বৃষ্টি কমার অপেক্ষায় রাস্তার পাশে আশ্রয় নেন। বৃষ্টির কারণে সড়কে যানবাহনের গতি কমে যাওয়ায় অনেকের গন্তব্যে পৌঁছাতে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগে। বিশেষ করে গণপরিবহনের যাত্রী ও পথচারীদের দুর্ভোগ বেশি হয়েছে বলে জানান তারা।
মিরপুর থেকে কারওয়ান বাজারের দিকে যাচ্ছিলেন রাকিব। তিনি বলেন, ‘সকালে মিরপুর থেকে কারওয়ান বাজারের উদ্দেশে বের হয়েছিলাম। বাসে করে আসার পথে বৃষ্টি শুরু হয়। পরে বৃষ্টির কারণে রাস্তায় যানবাহনের গতি কমে যায়। সময়মতো কর্মস্থলে পৌঁছানো নিয়ে চিন্তায় পড়তে হয়েছে। বৃষ্টির পানি থেকে বাঁচার চেষ্টা করেও পুরোপুরি রক্ষা পাওয়া যায়নি।’
মিরপুর থেকে মতিঝিলের দিকে যাচ্ছিলেন মুস্তাফিজ। তিনি বলেন, ‘সকাল ৮টার দিকে মিরপুর থেকে মতিঝিলের উদ্দেশে বের হই। রাস্তায় আসার পর হঠাৎ বৃষ্টি শুরু হয়। বাসস্ট্যান্ডে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম। বৃষ্টি না কমায় শেষ পর্যন্ত ভিজেই গাড়িতে উঠতে হয়েছে। সকালের ব্যস্ত সময়ে বৃষ্টি শুরু হওয়ায় যাতায়াতে বেশ সমস্যা হয়েছে।’
মিরপুর থেকে আগারগাঁওয়ের দিকে যাচ্ছিলেন সাইমুম। তিনি বলেন, ‘মিরপুর থেকে আগারগাঁওয়ে একটি কাজে যাচ্ছিলাম। বের হওয়ার সময় বৃষ্টি ছিল না। পথে হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় সমস্যায় পড়তে হয়েছে। রাস্তায় পানি জমে থাকায় হেঁটে চলাচলও কষ্টকর হয়ে যায়। বৃষ্টির কারণে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লেগেছে গন্তব্যে পৌঁছাতে।’
এদিকে গতকাল আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছেÑ দিনভর রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আজ (শুক্রবার) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।