পুলিশে বড় রদবদল

গুরুত্বপূর্ণ পদে আরও বদলি আসন্ন

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ এএম

পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পর্যায়ের ১১ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে। পুলিশের বড় রদবদলের গুঞ্জন সংক্রান্ত একটি প্রতিবেদন গত বুধবার দেশ রূপান্তরে প্রকাশিত হয়েছিল। 

একটি প্রজ্ঞাপনে পাঁচ ডিআইজিকে বদলি ও পদায়ন করা হয়েছে। এতে পুলিশ সদর দপ্তরের ডিআইজি রেজাউল করিমকে খুলনা রেঞ্জের ডিআইজি, খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি এবং অ্যান্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মোহাম্মদ মুসলিমকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) করা হয়েছে। এছাড়া এসবির ডিআইজি মীর আশরাফ আলীকে  রেলওয়ে পুলিশের ডিআইজি এবং মেট্রোরেল পুলিশের ডিআইজি সিদ্দিকী তাঞ্জিলুর রহমানকে এসবির ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

অপর প্রজ্ঞাপনে ছয় কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) সায়েদুর রহমানকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে। টুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি মাইনুল হাসানকে প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) হিসেবে সারদা পুলিশ একাডেমিতে বদলি করা হয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি ইকবাল হোসেনকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদর দপ্তর এবং পুলিশ সদর দপ্তরের ডিআইজি কামরুল আহসানকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশের বিশেষ শাখায় (এসবি) পদায়ন করা হয়েছে। বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদর দপ্তর এবং সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল জি এম আজিজুর রহমানকে টুরিস্ট পুলিশের প্রধান হিসেবে পদায়ন করা হয়েছে। এদিকে, সত্য হলো দেশ রূপান্তরের প্রতিবেদন। রদবদলের বিষয়ে আগাম তথ্য দিয়ে গত বুধবার দেশ রূপান্তরে ‘মিছিলের চাপে পুলিশ ক্ষুব্ধ হাইকমান্ড’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়েছিল। যাতে পুলিশের আগাম এ রদবদলের তথ্য ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, চলতি মাসের মধ্যে আরও বড় ধরনের রদবদল হওয়ার সম্ভবনা আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আরও উন্নতি করতে যা করা দরকার তাই করা হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত