প্রেস সচিব বললেন

স্বার্থ আদায়ে সাংবাদিকদের সোচ্চার হতে হবে

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ এএম

সাংবাদিকদের স্বার্থ ও অধিকার আদায়ে সাংবাদিকদের নিজেদেরই সোচ্চার হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এএএম সালেহ শিবলী। তিনি বলেন, গণমাধ্যমের নীতিমালা থাকা প্রয়োজন। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতার মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। গতকাল দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

প্রেস সচিব বলেন, একটি সংবাদপত্র বা গণমাধ্যমের মালিকের প্রতিষ্ঠান পরিচালনা এবং কর্মীদের বেতন-ভাতা দেওয়ার সক্ষমতা রয়েছে কিনা, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। সাংবাদিকদের পেশাগত ও আর্থিক নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতার পক্ষে। তবে স্বাধীনতার অর্থ কোনোভাবেই স্বেচ্ছাচারিতা নয়। গণমাধ্যমের স্বাধীনতার সীমা কতটুকু হবে, তা নির্ধারণের দায়িত্ব সরকার কিংবা জনগণের নয়; এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার আদালতের।

তথ্যপ্রযুক্তির যুগে সংবাদমাধ্যমে অসত্য তথ্যের বিস্তার রোধে প্রতিটি গণমাধ্যমকে নিজস্ব উদ্যোগে নিয়মতান্ত্রিক তথ্য যাচাইয়ের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি। গুজব, গুঞ্জন ও অপপ্রচার রুখতে তথ্য যাচাইয়ের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন প্রেস সচিব। একই সঙ্গে অনিবন্ধিত অনলাইন পোর্টালগুলোর ভুল তথ্য থেকে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ প্রসঙ্গে সালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদে বিশ্বনেতাদের উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন। বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই অংশগ্রহণ দেশের জন্য গুরুত্বপূর্ণ।

সভাপতির বক্তব্যে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা জরুরি। সাংবাদিকদের একটি আইনি ভিত্তি ও কাঠামোর মধ্যে আনা গেলে তাদের পেশাগত নিরাপত্তা বাড়বে। একই সঙ্গে দেশবাসী আরও বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা পাওয়ার ক্ষেত্রে এটি সহায়ক ভূমিকা রাখবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত