অবৈধ সম্পদ অর্জন

স্ত্রীসহ এসএসএফের ডিজি মজিবুরের বিরুদ্ধে ২ মামলা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ এএম

অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১০ কোটি ২৩ লাখ টাকার বেশি মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) মজিবুর রহমান তার স্ত্রী তা তাসরীন মজিবের বিরুদ্ধে দুটি পৃথক মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম মামলা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রথম মামলায় দুদকের অভিযোগে বলা হয় সাবেক এসএসএফ ডিজি মজিবুর রহমান সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত থেকে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাৎপূর্বক নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পায় দুদক। অভিযোগ অনুসন্ধানকালে তার ১১ কোটি ৭৮ লাখ ৩ হাজার ৯৩২ টাকার সম্পদ পাওয়া যায়। এর মধ্যে ৯ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৪৭১ টাকার সম্পদ অর্জনের বৈধ উৎস পাওয়া যায়। অবশিষ্ট ২ কোটি ৭১ লাখ ৬ হাজার ২৫২ টাকা সম্পদ অর্জনের বৈধ কোনো উৎস পাওয়া যায়নি। যা তিনি অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জন করে ভোগদখলে রাখার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলার অনুমোদন দেওয়া হয়।

অপর মামলার এজাহারে বলা হয়, মজিবুর রহমানের স্ত্রী তাসরীন মুজিবের নামে ১২ কোটি ৬১ লাখ ২৩ হাজার ৯৮৬ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। পারিবারিক ব্যয় বাদ দিয়ে তার ৫ কোটি ৯ লাখ ২০ হাজার ৫৮৪ টাকার সম্পদ অর্জনের বৈধ উৎস পাওয়া যায়। অবশিষ্ট ৭ কোটি ৫২ লাখ ৯ হাজার ১৯৩ টাকা অর্জনের বৈধ কোনো উৎস পাওয়া যায়নি। যা তিনি অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জন করেন। এসব সম্পদ স্বামীর প্রভাব ব্যবহার করে অর্জন করার অভিযোগে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দণ্ডবিধির ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করার অনুমোদন দেওয়া হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত