ফিরেই বড় চমক মানচিনির: ইতালির দলে ৯ নতুন মুখ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পিএম

বিশ্বকাপ বাছাইয়ের হতাশা ও বড় ধরনের সংকটের পর ইতালিয়ান ফুটবলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন রবার্তো মানচিনি। কোচের দায়িত্বে ফিরে এসেই নেশনস লিগের আসন্ন চার ম্যাচের জন্য ৩৪ সদস্যের একটি বড় ও নতুনত্বে ভরা স্কোয়াড ঘোষণা করেছেন তিনি। মাত্র এগারো দিনের ভেতর বেলজিয়াম, তুরস্ক ও ফ্রান্সের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে দলকে নতুনভাবে গুছিয়ে তোলার কঠিন চ্যালেঞ্জ রয়েছে তার সামনে।

আগামী শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮:৪৫ মিনিটে রোমের স্তাদিও অলিম্পিকোয় বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে নেশনস লিগের এই কঠিন মিশন শুরু করবে মানচিনির দল। এরপর ২৮ সেপ্টেম্বর বুরসায় তুরস্কের বিপক্ষে, ২ অক্টোবর সাঁ-দেনিতে ফ্রান্সের বিপক্ষে এবং ৫ অক্টোবর বোলোগনায় আবারও তুরস্কের মুখোমুখি হবে আজ্জুরিরা।

ইতালির এই নতুন স্কোয়াডে বড় চমক হিসেবে এসেছে একঝাঁক নতুন মুখের অন্তর্ভুক্তি। দলটিতে এবার ৯ জন নতুন খেলোয়াড় প্রথমবারের মতো জাতীয় দলের ডাক পেয়েছেন। এই নতুনদের তালিকায় রয়েছেন, বোলোগনার গোলরক্ষক মাসিমো পেসিনা, রোমার ডিফেন্ডার দানিয়েলে ঘিলার্দি, ব্রেন্টফোর্ডের ডিফেন্ডার মাইকেল কায়োদে, মোঞ্জার ডিফেন্ডার এডি কুয়াদিও, কাল্লারির মিডফিল্ডার আলেসান্দ্রো রোমানো, স্পোর্টিং লিসবনের মিডফিল্ডার ইশা দুম্বিয়া, সাসুলের ফরোয়ার্ড সেবাস্তিয়ানো এসপোসিতো, নাপোলির ফরোয়ার্ড আন্তোনিও ভেরগারা এবং নুরেমবার্গের ফরোয়ার্ড মোহাম্মদ আলী জোমা। এছাড়া ক্রিস্টাল প্যালেসের অনেস্ট আহানোর ও বরুসিয়া ডর্টমুন্ডের সামুয়েলে ইনাচিও আগের প্রীতি ম্যাচের পর এবারও স্কোয়াডে নিজেদের জায়গা ধরে রেখেছেন।

নতুনদের পাশাপাশি দীর্ঘ বিরতি কাটিয়ে এবং দলের নানা সমীকরণ পেরিয়ে স্কোয়াডে ফিরেছেন কিছু পরিচিত মুখ। সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনা ও গাড়ি চালানোর সময় অপরকে সাইড না দেওয়ার অভিযোগের মতো বিতর্কের জন্ম দেওয়া ফরোয়ার্ড দানিয়েল মালদিনিও মানচিনির এই স্কোয়াডে জায়গা পেয়েছেন। একই সঙ্গে দীর্ঘদিন পর নিকোলো ফাজিওলি, নিকোলো জানিওলো এবং রোলান্দো মান্দ্রাগোরার মতো ফুটবলাররা জাতীয় দলে প্রত্যাবর্তন করেছেন।

অন্যদিকে, গত মার্চে বসনিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ হারের সেই হতাশার ম্যাচের পর গ্যাত্তি, পোলিতানো, রেতেগি ও পিসিলির মতো মুখগুলো এবারের স্কোয়াড থেকে বাদ পড়েছেন। পাশাপাশি স্পিনাজ্জোনা, লোতেল্লি, পালেস্ত্রা, বুয়োনজোরনো, মেরেত ও কাম্বিয়াসোর মতো বেশ কয়েকজন খেলোয়াড় ইনজুরির কারণে দলের বাইরে রয়েছেন।

নেশনস লিগের জন্য ইতালির স্কোয়াড:

গোলরক্ষক: মার্কো কার্নেসেচ্চি, জিয়ানলুইজি দোনারুম্মা, মাসিমো পেসিনা, গুগলিয়েলমো ভিসারিও।

ডিফেন্ডার: অনেস্ট আহানোর, আলেসান্দ্রো বাস্তোনি, রিকার্দো কালাফিওরি, ডিয়েগো কোপ্পোলা, জিওভানি দি লরেনজো, ফেদেরিকো দিমারকো, ডনিয়েলে ঘিলার্দি, মাইকেল কায়োদে, এডি কুয়াদিও, জানলুকা মানচিনি, জর্জিও স্কালভিনি।

মিডফিল্ডার: নিকোলো বারেল্লা, ব্রায়ান ক্রিস্তান্তে, ইশা দুম্বিয়া, নিকোলো ফাজিওলি, দাভিদে ফ্রাত্তেসি, রোলান্দো মান্দ্রাগোরা, আলেসান্দ্রো রোমানো, সান্দ্রো টোনালি।

ফরোয়ার্ড: নিকোলো কাম্বিয়াগি, ফ্রান্সেস্কো পিও এসপোসিতো, সেবাস্তিয়ানো এসপোসিতো, সামুয়েলে ইনাচিও, ময়েজ কিন, ডনিয়েল মালদিনি, জাকোমো রাস্পাদোরি, জানলুকা স্কামাক্কা, আন্তোনিও ভেরগারা, নিকোলো জানিওলো, মোহাম্মদ আলী জোমা।

সর্বশেষ সর্বাধিক পঠিত