আজ (১৯ সেপ্টেম্বর) চিত্রতারকা সালমান শাহর জন্মদিন। সেপ্টেম্বর মাসেই তার জন্ম ও মৃত্যুবার্ষিকী। দুইটি বিশেষ দিনই যেন এক ধরনের উৎসবে পরিণত হয়। সিনেমাপাড়া, সোশ্যাল মিডিয়া. গণমাধ্যমের পাশ্পাশি সহকর্মীরাও নানা স্মৃতিচারণ করেন। আর সহকর্মীদের মধ্যে সবার আগে নাম আসে আরেক চিত্রতারকা শাবনূরের। খুব দ্রুত ঢালিউডের অন্যতম জনপ্রিয় জুটিতে পরিণত হন তারা। প্রায় তিন দশক পর সালমানের মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। এরইমধ্যে অভিনেতা ডনকে কারাগারে রাখা হয়েছে। সালমান শাহর মৃত্যুতে শাবনূরের সম্পৃক্ততার খবরটিও প্রকাশ্যে আসে বার বার। এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নবাণে জর্জরিত শাবনূর একসময় চুপ থাকলেও বেশ কয়েক বছর ধরে নিজের মন্তব্য প্রকাশ করছেন মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায়।
জন্মদিনে ‘প্রিয় সালমান শাহ’ সম্বোধন করে সহকর্মী স্মরণে ফেসবুকে আবেগী একটি পোস্ট দিয়েছেন তিনি। পোস্টের শুরুতেই শাবনূর লিখেছেন, ‘শুভ জন্মদিন, প্রিয় সালমান শাহ!’ নায়িকা আরও লিখেছেন, ‘কত বছর পেরিয়ে গেল, অথচ ৯০-এর দশকের সেই সোনালী দিনগুলো আজও চোখের সামনে ভাসে। শুটিং সেটে তুমি শুধু একজন জনপ্রিয় নায়কই ছিলে না, ছিলে একজন অসাধারণ হৃদয়ের মানুষ। তোমার আশেপাশের প্রতিটি মানুষকে তুমি সম্মান করতে। শুটিং ইউনিটের কর্মী হোক কিংবা সাধারণ অভিনয়শিল্পী কাউকেই কখনো ছোট করে দেখতে না। সবার খোঁজ নিতে, প্রয়োজনের সময় পাশে দাঁড়াতে এবং আপন করে যত্ন নিতে। তোমার এই সুন্দর মন আর মানবিকতাই তোমাকে মানুষের হৃদয়ে এতটা আপন করে রেখেছে। পুরোনো কোনো গান শুনলে কিংবা তোমার কোনো সিনেমার দৃশ্য চোখে পড়লে মনে হয়, তুমি যেন আবার ফিরে এসেছো সেই সোনালী দিনগুলোতে। মহান আল্লাহ তোমাকে ক্ষমা করে দিন এবং জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন। সবার প্রতি সবিনয় অনুরোধ, প্রিয় সালমান শাহকে নিয়ে আমরা কেউ যেন কোনো ধরনের মিথ্যা অপবাদ, তুচ্ছ-তাচ্ছিল্য বা অসম্মানজনক মন্তব্য না করি। একজন প্রয়াত মহান শিল্পীর প্রতি আমাদের শ্রদ্ধা ও সম্মান সবসময় অটুট থাকুক। তাঁর অমর স্মৃতিকে ভালোবাসা ও মর্যাদার সঙ্গেই হৃদয়ে ধরে রাখি।’
কিছুদিন আগে (৬ সেপ্টেম্বর) সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকীতেও স্মৃতিচারণ করেন শাবনূর। সেই পোস্টে সুচনাতে লেখা ছিল,‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান…’। এরপর তিনি জানান, ‘এত বছর পেরিয়ে গেলেও তোমার স্মৃতি আজও হৃদয়ে অমলিন। পর্দার সেই প্রিয় রাজপুত্র, মানুষের ভালোবাসার সেই স্বপ্নের নায়ক তুমি আজও বেঁচে আছো আমাদের স্মৃতিতে, আমাদের ভালোবাসায়। তোমার অকাল প্রয়াণে আমাদের চলচ্চিত্র অঙ্গনে যে বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছিল, তা আজও পূরণ হয়নি। সময় চলে গেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু তোমার জনপ্রিয়তা আর অভিনয়ের মায়া আজও মানুষের হৃদয়ে সমানভাবে জীবন্ত। তোমার ৩০তম প্রয়াণ দিবসে জানাই বিনম্র শ্রদ্ধা ও অশেষ ভালোবাসা। যেখানেই আছো, ভালো থেকো প্রিয় সালমান শাহ। আল্লাহ তোমাকে জান্নাতবাসী করুন।’
সালমান শাহকে নিয়ে শাবনূরের লেখার প্রতি আলদা এক কৌতুহল থাকে দর্শক এবং পাঠকের। প্রয়াণ দিবসের পর আজকের জন্মবার্ষিকীতেও সালমানকে নিয়ে লেখা শাবনূরের পোস্টটি নজর কেড়েছে বেশিরভাগ হৃদয়ে।