শ্রীপুরে ৮৮ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পিএম

গাজীপুরের শ্রীপুরে গাঁজার বড় চালানের মজুদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় বিভিন্ন আকারে প্যাকেটে মোড়ানো ৮৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত এক চিহ্নিত নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশি উপস্থিতি টের পেয়ে প্রধান মাদক কারবারি পালিয়ে গেছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার বরমী ইউনিয়নের বরমী মধ্যপাড়া গ্রামের কাজলের বাড়িতে অভিযানে যায় পুলিশ।

শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে নামে।

পুলিশের দাবি উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য সাড়ে ১৫ লাখ টাকা।

গ্রেপ্তার হওয়া নারী কারবারির নাম তাহমিনা আক্তার (৩৫)। তিনি আন্তঃজেলা চিহ্নিত মাদক কারবারি কবির হোসের স্ত্রী। ঢাকাসহ সারা দেশে কবিরের নামে অন্তত ১১ টি মামলা রয়েছে।

স্থানীয়রা জানায়, কবির হোসেন ও তাহমিনা আক্তার দম্পত্তি বরমী মধ্যপাড়া গ্রামের কাজলের বাড়িতে ভাড়া থাকেন। তারা এলাকায় চুপচাপ চলাফেরা করেন। বুঝার উপায় নেই তারা এতো বড় মাদকের কারবারি। শুক্রবার রাতে পুলিশ অভিযানে আসলে লোকজন জানতে পারে। তবে এ সময় আসল কারবারি কবির কৌশলে পালিয়ে গেছে। পরে ঘর তল্লাসী করে বহু গাঁজা পায় পুলিশ।

শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, গাঁজার বড় চালান উদ্ধার করা হয়েছে। যার মূল্য অন্তত সাড়ে ১৫ লাখ টাকা। এ সময় একজন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তবে চিহ্নিত মাদক কারবারি কবির পালিয়ে গেছে। তার নামে সারা দেশে একাধিক মামলা আছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত