এপিক প্রপার্টিজের নতুন আবাসিক প্রকল্প: আস্থা ও যৌথ অনুভূতির নতুন বন্ধন

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পিএম

নির্ধারিত সময়ে মানসম্মত নির্মাণকাজ সম্পন্ন করা, সুনিপুণ কর্মপরিচালনা এবং ভূমিমালিকদের আস্থাকে পুঁজি করে এগিয়ে চলেছে চট্টগ্রামকেন্দ্রিক রিয়েল এস্টেট প্রতিষ্ঠান এপিক প্রপার্টিজ। প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় নতুন মাইলফলক হিসেবে যুক্ত হয়েছে আবাসিক প্রকল্প ‘হালিশহর হাউজিং এস্টেট’।

গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নগরীর চট্টেশ্বরী এলাকায় এপিক প্রপার্টিজের করপোরেট কার্যালয়ে এক আন্তরিক পরিবেশে নতুন এই প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, এই চুক্তি শুধু একটি বাণিজ্যিক চুক্তি নয়; বরং এটি পারস্পরিক আস্থা ও একসঙ্গে পথচলার অঙ্গীকার।

প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপিক প্রপার্টিজ লিমিটেডের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন। এ সময় তিনি বলেন, ‘একজন মানুষের কাছে জমি একটি আবেগের জায়গা। আপনারা আমাদের জমি ব্যবহার করতে দিয়ে আপনাদের সেই গভীর আবেগটাই আমাদের সঙ্গে ভাগ করে নিলেন। এতদিন এখানে দুটি পরিবার ছিল, আজ থেকে এপিক যুক্ত হয়ে আমরা তিনটি পরিবারের একটি যৌথ বন্ধনে আবদ্ধ হলাম। ইনশাআল্লাহ, সামনে আরও ২৭টি পরিবার যুক্ত হবে। আপনারা সবাই দোয়া ও সহযোগিতা রাখবেন, যেন আপনাদের দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি আমরা শতভাগ বজায় রাখতে পারি।’

অনুষ্ঠানে ভূমিমালিকদের পক্ষে উপস্থিত ছিলেন মোহাম্মদ হুমায়ুন কবির, দিল আফরোজা বেগম এবং তার ওয়ারিশরা। রিয়েল এস্টেট খাতের অসংখ্য প্রতিষ্ঠানের মধ্যে এপিক প্রপার্টিজকে বেছে নেওয়ার কারণ সম্পর্কে তাঁরা বলেন, ‘রিয়েল এস্টেট বাজারে কোম্পানির তো অভাব নেই। তবে আমরা এপিকের ওপর শতভাগ আস্থা রেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। সময়ের কাজ সঠিক সময়ে শেষ করার সুনাম এবং অভিজ্ঞ ব্যবস্থাপনার কারণেই তাদের প্রতি আমাদের এই ভরসা।’

গ্রাহকদের চাওয়া-পাওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিটি নির্মাণে নান্দনিকতার ছোঁয়া দেওয়ার দাবি করে আসছে এপিক প্রপার্টিজ। প্রতিষ্ঠানটির দাবি, গত ২৩ বছরে তারা ৭৫টিরও বেশি নান্দনিক বাণিজ্যিক ও আবাসিক প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহকদের কাছে হস্তান্তর করেছে।

এই অভিজ্ঞতার আলোকে নতুন প্রকল্পটিকেও দৃষ্টিনন্দন ও আধুনিক আবাসিক প্রকল্প হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।

সর্বশেষ সর্বাধিক পঠিত