ফয়জুল কদির স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জিইসি ক্যাম্পাসে আয়োজিত এ ক্যাম্পে বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী বিনামূল্যে দাঁতের চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করেন।
ক্যাম্পে দাঁত পরীক্ষা, স্কেলিং, ক্যাভিটি ফিলিং-সংক্রান্ত প্রাথমিক চিকিৎসা এবং মুখ ও দাঁতের স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।
ফয়জুল কদির স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি এস. এম. নুরুল কদিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির।
ফাউন্ডেশনের সেক্রেটারি, চিত্রশিল্পী ও সাংবাদিক এস. এম. আজিজুল কদিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইফতেখার মনির, প্রক্টর মো. সোলাইমান চৌধুরী, পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহেদুল ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার নাসরিন আকতার, ডেপুটি লাইব্রেরিয়ান মো. আলী, ইউনিলিভারের রিজিওনাল বিজনেস ম্যানেজার সুকান্ত সরকার, ইউনিলিভারের সায়েন্টিফিক এক্সিকিউটিভ মোহাম্মদ ওয়াজেদ এবং ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এরফানুল হক তারেক।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ, হেনা ডেন্টালের চিকিৎসক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, ‘প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় শুধু একাডেমিক শিক্ষাই দেয় না, সামাজিক দায়বদ্ধতা থেকেও কাজ করে। ফয়জুল কদির স্মৃতি ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা স্বাস্থ্য সচেতন হবে। এ ধরনের জনকল্যাণমূলক কাজে বিশ্ববিদ্যালয় সবসময় পাশে থাকবে।’
ফাউন্ডেশনের সভাপতি এস. এম. নুরুল কদির বলেন, ‘আমার পিতা মরহুম ফয়জুল কদিরের নামে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশন আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তরুণ প্রজন্মের মধ্যে মুখ ও দন্তস্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াতেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইফতেখার মনির বলেন, ‘এই ক্যাম্পের মাধ্যমে আমাদের শিক্ষক-শিক্ষার্থীরা উপকৃত হয়েছেন। ফয়জুল কদির স্মৃতি ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জানাই, এমন একটি প্রয়োজনীয় ক্যাম্প আয়োজনের জন্য।’
ক্যাম্পটির সার্বিক সহযোগিতায় ছিল হেনা ডেন্টাল, ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এ. কে. ফজলুল হক গণপাঠাগার, মাস্টার এম. এ. মোতালেব পাঠাগার এবং ‘আমরা করব জয়’।