চবির নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক কামরুল হোসেন 

অধ্যাপক ড. মো. কামরুল হোসেন বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রক্টর হিসেবে সাবেক প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দীর স্থলাভিষিক্ত হন। সদ্যবিদায়ী প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ৪৭তম প্রক্টর হিসেবে নিয়োগ পান।

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হোসেন। 
 
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধ্যাপক ড. মো. কামরুল হোসেনকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম মোতাবেক প্রদেয় ভাতা ও অন্যান্য সুবিধাসহ এক বছরের জন্য নিজ দায়িত্বের অতিরিক্ত প্রক্টর নিয়োগ করা হলো।
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সদ্য বিদায়ী প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলে প্রশাসনের পক্ষ থেকে তাঁকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়। 
 
জানতে চাইলে চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. হাছান মিয়া বলেন, 'বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল দুপুরে তার নামে চিঠি ইস্যু করা হয়েছে। তিনি যোগদানের পর থেকে আগামী এক বছর প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।'
 
অধ্যাপক ড. মো. কামরুল হোসেন বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রক্টর হিসেবে সাবেক প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দীর স্থলাভিষিক্ত হন। সদ্যবিদায়ী প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ৪৭তম প্রক্টর হিসেবে নিয়োগ পান। 
জানতে চাইলে নতুন প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন বলেন, 'বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে যে নতুন দায়িত্ব দিয়েছে, তা যথাযথভাবে পালনে সর্বোচ্চ চেষ্টা করব। বিশ্ববিদ্যালয়ের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও শিক্ষার্থীদের কল্যাণে নিরন্তর কাজ করে যাব। দায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করছি।'
 
তিনি আরও বলেন, 'আমি দায়িত্ব নিয়ে ক্যাম্পাসের অভ্যন্তরে ও বাহিরে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করে যাবো। ক্যাম্পাসে মাদক চোরাকারবার নিয়ে আমাদের জিরো টলারেন্স থাকবে। আমাদের ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতির মধ্যে দিয়ে শিক্ষার্থীদের একাডেমিক পরিবেশ বজায় রাখাই আমাদের প্রধান লক্ষ্য হবে।'
 
নবনিযুক্ত প্রক্টর চট্টগ্রামের মীরসরাইয়ের বাসিন্দা। তিনি মীরসরাইয়ের দুর্গাপুরে অবস্থিত দুর্গাপুর নগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৬ সালে মাধ্যমিক এবং ১৯৯৮ সালে চট্টগ্রাম কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১৯৯৯-২০০০ সেশনে রসায়ন বিভাগে ভর্তি হন। পরে তিনি একই বিভাগ থেকে মাস্টার্স এবং পরে পিএইচডি শেষ করেন। তিনি একই বিভাগে শিক্ষক হিসেবে নিয়োগ পান। সম্প্রতি তিনি রসায়ন বিভাগের অধ্যাপক পদে উন্নীত হন।
সর্বশেষ সর্বাধিক পঠিত