ভর্তুকির চাপ কমাতে জ্বালানির দাম সমন্বয়

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ এএম

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, বিশ্ববাজারের অস্থিরতার কারণে জ্বালানি খাতে সরকারকে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে। জ্বালানি তেলের দাম সমন্বয়ের মাধ্যমে ভর্তুকির চাপ কমানোর চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে তিনি দেশবাসীর সহনশীলতা ও সহযোগিতা চেয়েছেন।

গতকাল মঙ্গলবার সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে সচিবালয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে একথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এ সময় তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বলেন, ‘সরকার এ মুহূর্তে কোনো রাজনৈতিক সংকট দেখছে না। বিরোধী দল লংমার্চ করছে, এক দফাও দিয়ে দিচ্ছে। এ সরকার ৫ বছরের জন্য ক্ষমতায় এসেছে এবং থাকবে, বিরোধী দলকে তা মেনে নিয়েই রাজনীতি করা উচিত। কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কোনো সংকট তৈরি করা যাবে বলে আমি মনে করি না।’

গত রবিবার রাতে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ায় সরকার। গত সোমবার থেকে নতুন দাম কার্যকর হয়।

সংবাদ সম্মেলনে তেলের দাম বাড়ানোর কারণে সরকার অজনপ্রিয় হচ্ছে কি নাÑ এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘একটা ঝুঁকি আছে, ঝুঁকি নেই তাও বলছি না, কিন্তু আবারও বলছি জনগণের একটু কাইন্ড হওয়া দরকার। কারণ কত ভর্তুকি সরকারের পক্ষে দেওয়া সম্ভব? আমরা এটুকু কাইন্ডনেস জনগণের কাছে চাইব। জনগণের কষ্ট হচ্ছে, কষ্ট হবে। এ ব্যাপারে জনগণের একটু সহনশীলতা ও সহযোগিতা চাই।’

বৈশ্বিক পরিস্থিতি জ্বালানি সংকটের জন্য দায়ী : উপদেষ্টা বলেন, ‘বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম মাঝেমধ্যে সাময়িকভাবে সামান্য কমলেও বাজার এখনও চরম ঝুঁকিপূর্ণ ও উদ্বায়ী (ভোলাটাইল)। ক্রুড অয়েলের দাম এখনও ব্যারেলপ্রতি ১০০ ডলারের উপরে অবস্থান করছে। তা ছাড়া মধ্যপ্রাচ্যের (পশ্চিম এশিয়ার) লোহিত সাগর ও বাব আল মান্দেব প্রণালীতে চলমান সংকট, হুথিদের অব্যাহত আক্রমণ, সৌদি আরবের তেল রপ্তানিতে সীমিত হয়ে পড়া ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার তেল শোধনাগার ও স্থাপনাগুলোয় ড্রোন হামলার কারণে ভবিষ্যতে বিশ্বব্যাপী জ্বালানি সংকট আরও প্রকট হওয়ার ঝুঁকি রয়েছে।’

ককটেল ফুটিয়ে সংকট : উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, ককটেল ফুটিয়ে বা বাসে আগুন লাগিয়ে সংকট তৈরি করা যাবে না। তিনি বলেন, ‘আওয়ামী লীগ বলছি না, কিন্তু ঢাকা শহরে কিছু কিছু জায়গায় দুয়েকটা ককটেল ফুটেছে, বাসে আগুন লেগেছে, এগুলো করে আসলে সংকট তৈরি করা যাবে বলে আমি মনে করি না।’

উপদেষ্টা বলেন, ‘এ মুহূর্তে কোনো রাজনৈতিক সংকট দেখছে না সরকার। বিরোধী দলের লংমার্চ করছে, এক দফাও দিয়ে দিচ্ছে। এই সরকার ৫ বছরের জন্য ক্ষমতায় এসেছে ও থাকবে, বিরোধী দলকে তা মেনে নিয়েই রাজনীতি করা উচিত।

প্রধানমন্ত্রীর সফর সংক্ষিপ্ত করা হয়েছে : এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জাহেদ উর রহমান জানান, ব্যয় কমাতে এবং দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করা হয়েছে। তিনি বলেন, ‘আপনারা খেয়াল করবেন খুব ছোট একটা দল নিয়ে তিনি সফরে গেছেন। একই সঙ্গে দেশ নানারকমভাবে কিছু সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সুতরাং এই মুহূর্তে দেশে থাকা তার জন্য নিশ্চয়ই আরও বেটার প্রায়োরিটি।’

সর্বশেষ সর্বাধিক পঠিত