দ্বিতীয় দিনের মতো বকেয়া বেতনের দাবিতে গতকাল মঙ্গলবার বিক্ষোভ করেছেন গাজীপুরের কোনাবাড়ীর হানিওয়েল গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকরা। আন্দোলনের একপর্যায়ে শ্রমিকরা পাশের পি.এন নিট কম্পোজিট লিমিটেডের শ্রমিকদের অনুরোধ জানিয়ে ওই কারখানার গেটের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে সাউন্ডগ্রেনেড ছুড়ে পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করে।
স্থানীয় শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা যায়, বকেয়া বেতন পরিশোধ না করায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠেন। নির্ধারিত সময়েও বেতন না পেয়ে বারবার কারখানা বন্ধের নোটিসে অসন্তোষের কারণে গতকাল মঙ্গলবার সকাল থেকেই শ্রমিকরা কারখানার আশপাশে অবস্থান নেন। একপর্যায়ে তারা বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তা অবরোধ করেন। পরবর্তীতে দুপুর পৌনে ১২টার সময় আমবাগ এলাকায় অবস্থিত আরেকটি গার্মেন্টস পি.এন নিট কম্পোজিট লিমিটেডের শ্রমিকদের তাদের সঙ্গে আন্দোলনে যুক্ত হওয়ার জন্য ওই কারখানার সামনে গিয়ে বিক্ষোভ শুরু করে হানিওয়েল গার্মেন্টসের শ্রমিকরা। এ সময় শিল্প পুলিশ বাধা দেয়। এতে শ্রমিকদের সঙ্গে পুলিশের কথাকাটাকাটি হয় এবং একপর্যায়ে পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বর্তমানে হানিওয়েল গার্মেন্টসের শ্রমিকরা কারখানার আশপাশে অবস্থান করছেন।
আন্দোলনরত শ্রমিকরা বলেন, আমাদের বেতন দেওয়ার কথা ১০ তারিখে, অথচ ২২ তারিখ পেরিয়ে গেলেও বেতন দিচ্ছে না। আমরা রুম ভাড়া, দোকান বাকি কীভাবে দেব। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, পুলিশও আমাদের কোনো সহযোগিতা করছে না।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, কোনাবাড়ীতে একটি কারখানার পোশাক শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো আঞ্চলিক সড়ক অবরোধ করেন। পরে পার্শ্ববর্তী অন্য আরেকটি কারখানায় হামলা করতে গেলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে শিল্প পুলিশের পাশাপাশি জিএমপি পুলিশ অবস্থান করছে।