নিউইয়র্কে মেলানিয়া ট্রাম্পের আয়োজনে জুবাইদা রহমান

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পিএম

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আয়োজিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। বাংলাদেশ এই বৈশ্বিক নেটওয়ার্কের সদস্য দেশ।

অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের ফার্স্ট লেডি ও সমপর্যায়ের নেতারা অংশ নেন। মেলানিয়া ট্রাম্প বলেন, সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্যে ভিন্নতা থাকলেও শিশুদের জন্য আজকের উদ্যোগই ভবিষ্যৎ বিশ্বকে গড়ে দেবে।

মেলানিয়া ট্রাম্প ও ডা. জুবাইদা রহমান

২০২৬ সালে জি২০, আসিয়ান, ইউরোপীয় ও ক্যারিবীয় অঞ্চলে পৃথক বৈঠক আয়োজনের ঘোষণা দেন মেলানিয়া। একই সঙ্গে অ্যাডোবি, অ্যামাজন, ইন্টেল, স্টারলিংক, গুগল ও জুমের সঙ্গে নতুন প্রযুক্তি অংশীদারত্বের কথাও জানান তিনি। নতুন সদস্য যুক্ত হওয়ায় জোটটির অংশগ্রহণকারী দেশের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭-তে।

‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ জোটের মূল লক্ষ্য শিশু ও তরুণদের জন্য শিক্ষার সুযোগ বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অন্যান্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা। এর আওতায় শিক্ষক ও অভিভাবকদের প্রশিক্ষণ, উন্নত শিক্ষাব্যবস্থা তৈরি এবং অনলাইন ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষার বিষয়েও কাজ করা হবে।

হোয়াইট হাউস জানিয়েছে, কয়েকটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠান অংশগ্রহণকারী দেশগুলোর জন্য এসব প্রযুক্তি কম খরচে বা বিনামূল্যে ব্যবহারের সুযোগ দিতে সম্মত হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলো নিজেদের প্রয়োজন অনুযায়ী উপযুক্ত প্রযুক্তি নির্বাচন ও বাস্তবায়নে কাজ করবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত