চন্দনাইশে শিক্ষার্থীকে প্রকাশ্যে বেত্রাঘাতের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

এসেম্বলি চলাকালে সবার সামনে বেত্রাঘাতের অভিযোগ, তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পিএম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জামিরজুরী রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজ উদ্দিনের বিরুদ্ধে ফাজিল প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে প্রকাশ্যে বেত্রাঘাতের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী শিক্ষার্থী কাজী মোহাম্মদ আশরাফুল ইসলাম মিজান (রোল-০৮) গত ২১ সেপ্টেম্বর চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর এ বিষয়ে লিখিত অভিযোগ দেন।

অভিযোগপত্রে শিক্ষার্থী উল্লেখ করেন, গত ১৬ সেপ্টেম্বর এসেম্বলি চলাকালে যথাসময়ে মাদ্রাসায় প্রবেশের পর অধ্যক্ষ কোনো কারণ না জিজ্ঞাসা করেই মাঠে উপস্থিত সব শিক্ষার্থীর সামনে তাকে বেত দিয়ে আঘাত করেন। তিনি নিজেকে ফাজিলের শিক্ষার্থী পরিচয় দিলেও অধ্যক্ষ তাতে কর্ণপাত করেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এতে তিনি শারীরিকভাবে আহত হওয়ার পাশাপাশি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং বর্তমানে ক্লাসে যেতে পারছেন না বলেও অভিযোগ করেন ওই শিক্ষার্থী।

অভিযোগে আরও বলা হয়, এর আগেও তার চাচাতো ভাইসহ বেশ কয়েকজন নিরীহ শিক্ষার্থী অধ্যক্ষের দ্বারা হেনস্থার শিকার হয়েছেন। এ বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করেছেন তিনি। তবে তার দাবি, কারও প্রতি অসম্মান দেখানোর জন্য নয়, ভবিষ্যতে যেন কোনো শিক্ষার্থীর সঙ্গে এমন ঘটনা না ঘটে, সে কারণেই প্রশাসনের কাছে অভিযোগ করেছেন।

অভিযোগের অনুলিপি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও মাদ্রাসা গভর্নিং বডির সভাপতির কাছেও দেওয়া হয়েছে।

শিক্ষার্থী কাজী মোহাম্মদ আশরাফুল ইসলাম মিজানের বাবা কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় প্রশাসন ও সংশ্লিষ্ট মহলের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছেন তারা।

অভিযোগের বিষয়ে অধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দিন বেত্রাঘাতের কথা স্বীকার করেছেন। তবে তার দাবি, ক্লাস ফাঁকি দিয়ে বাইরে ঘোরাঘুরি করায় কয়েকজন ছাত্রকে শাসন করা হয়েছে।

চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত