রশিদ খানের মতো বোলিং অ্যাকশন, হুবহু একই রানআপ আর বাতাসে বল ভাসিয়ে টার্ন আদায় করার অদ্ভুত ক্ষমতা, সব মিলিয়ে প্রথম ম্যাচেই বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছেন ১৭ বছর বয়সী আরব গুল মোমান্দ। এশিয়ান গেমসে জাপানের বিপক্ষে স্বল্প পুঁজি ডিফেন্ড করার চরম চাপের মুখে প্রতিপক্ষকে স্পিন ঘূর্ণিতে ভুগিয়েছেন এই তরুণ লেগ স্পিনার। ১৩০ রানের স্বল্প লক্ষ্য দাঁড় করিয়েও গুলের স্পিন নৈপুণ্যে ম্যাচটি ৪৮ রানে জিতে নেয় আফগানিস্তান।
বাঁহাতি রিস্ট স্পিনার নুর আহমেদের পর এবার বিশ্ব ক্রিকেট দেখল রশিদের এক হুবহু ডানহাতি কার্বন কপিকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেকেই নিজের আইডোলের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলে আফগানিস্তানকে নাটকীয় এক জয় উপহার দিলেন তিনি। ৪ ওভারে ২ মেইডেনে স্রেফ ৮ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।
কেবল বোলিং স্টাইলের সাদৃশ্যই নয়, মাঠেও রশিদের মতোই দলের চরম বিপদের মুহূর্তে ত্রাতা হয়ে আবির্ভূত হন এই তরুণ। এশিয়ান গেমসে জাপানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়েছিল আফগানরা। জাপানি বোলারদের আঁটসাঁট বোলিংয়ের মুখে প্রথম ১৫ ওভারে ওভারপ্রতি ছয়ের বেশি রান তুলতে ব্যর্থ হয় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন মোহাম্মদ আকরাম। এছাড়া অধিনায়ক দারউইশ রাসুলি ২৯, করিম জানাত ২১ এবং মোহাম্মদ ইশাকের শেষ মুহূর্তের ১৭ বলে অপরাজিত ২৫ রানের ক্যামিও ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১২৯ রানের মাঝারি পুঁজি পায় আফগান দল।
ছোট পুঁজি নিয়ে ডিফেন্ড করতে নেমে জাপানি ব্যাটারদের আত্মবিশ্বাসী ব্যাটিংয়ের মুখে জয়ের আশা প্রায় ছেড়েই দিয়েছিল রাসুলি-জানাতরা। এর আগে সানোতে ভারতের বিপক্ষে দুর্দান্ত লড়াই করা জাপান দল এ দিন রান তাড়ায় বেশ ভালোভাবেই এগোচ্ছিল। অষ্টম ওভারে তাদের স্কোর ছিল ২ উইকেটে ৫৩ রান। ম্যাচ যখন জাপানের নিয়ন্ত্রণে চলে যাওয়ার উপক্রম, ঠিক তখনই ১৭ বছর বয়সী রহস্য স্পিনার গুল বল হাতে রীতিমতো তাণ্ডব চালান।
ম্যাচের ১২তম ও ১৪তম ওভারে জোড়া উইকেট শিকার করে জাপানের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন তিনি। ৬ থেকে ৮ উইকেটে পৌঁছাতে মুহূর্তের মধ্যে মাত্র ৩ রান যোগ করতে পেরেছিল জাপান। গুলের পাশাপাশি বাঁহাতি স্পিনার নানগেয়ালিয়া খারোত ১৯ রানে ৩টি এবং আবদুল্লাহ আহমদজাই ১৩ রানে নেন ২টি উইকেট। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে মাত্র ৮১ রানেই অলআউট হয়ে যায় জাপান।
গ্রুপ এ-তে আফগানিস্তানের আরেক প্রতিপক্ষ নেপাল। গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে আগামীকাল তাদের বিপক্ষে নামবে গুলরা।
৭ গোলের থ্রিলারে ভারতকে হারাল ব্রাজিল