সুন্দরবনের অভয়ারণ্যে নিষিদ্ধ সময়ে মাছ ধরার অভিযোগে চার জেলে আটক

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ এএম

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন অভয়ারণ্য এলাকায় নিষিদ্ধ সময়ে মাছ ধরার অভিযোগে চার জেলেকে আটক করেছে বন বিভাগের স্মার্ট পেট্রোল টিম। এ সময় তাদের কাছে থাকা একটি নৌকা ও ১৫০ কেজি মাছসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সুন্দরবনের নটাবেঁকী এলাকার রায়মঙ্গল নদীর সাইট খালসংলগ্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

শুক্রবার তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) এরফান আলী।

স্টেশন কর্মকর্তা এরফান সাংবাদিকদের জানান, আটক ব্যক্তিরা হলেন শ্যামনগর উপজেলার বোশখালী গ্রামের মো. আল আমিন মোল্যা এবং পার্শ্বেমারী গ্রামের মো. মোমিনুল ইসলাম, মো. কবিজুল ও ছুরাত জামাল গাজী। এ সময় তাদের কাছ থেকে একটি ডিঙ্গি নৌকা, প্রায় ১৫০ কেজি সাদা মাছ, একটি পাটাজাল, দাঁড়-বৈঠা ও করাত জব্দ করা হয়।

তিনি আরও জানান, স্মার্ট পেট্রোল টিম সাতক্ষীরা-১-এর কর্মকর্তা শফিকুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত