শুরু হচ্ছে তৃতীয় বিভাগে জায়গা করে নেওয়ার লড়াই। ৭০টি দল, প্রায় ১ হাজার ৪০০ ক্রিকেটার এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। দীর্ঘ এই বাছাইপর্ব শেষে সুযোগ পাবে মাত্র দুটি দল। এই উপলক্ষে আজ শনিবার মিরপুরের শের-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একটি উদ্বোধনী অনুষ্ঠান করে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।
উদ্বোধনী অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ ছিলেন জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। বাছাইপর্বে অংশ নেওয়া দলগুলোর অধিনায়কদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন তিনি। ক্রিকেটের বিভিন্ন পরিস্থিতি সামলানো থেকে শুরু করে ক্যারিয়ার গড়ার নানা বিষয়ে মিরাজের কাছে জানতে চান তরুণ অধিনায়কেরা। জুনিয়র ওয়ারিয়র্স ক্লাবের অধিনায়ক শাওনের প্রশ্ন ছিল একটু ভিন্ন। সাকিব আল হাসানের মতো হতে চান অনেকেই, কিন্তু মেহেদী হাসান মিরাজ হতে হলে কী করতে হবে? জবাবে মিরাজ তরুণ ক্রিকেটারদের অন্য কাউকে অনুসরণ না করে নিজের পরিচয় তৈরি করার পরামর্শ দেন।
এ প্রসঙ্গে মিরাজ বলেন, 'কেউ কারো মতো হতে পারে না। সবারই আলাদা আইকন আছে। সাকিব ভাই তার মতো, আমি আমার মতো আবার তুমিও তোমার মতোই। আমরা যে সবার সঙ্গে তুলনা করি, এটা করা উচিত না। প্রত্যেক মানুষের নিজস্ব প্রতিভা আছে। সে যদি ওইভাবে মানসিকভাবে তৈরি হয়, সে আমার চেয়েও ভালো হতে পারে। আমার মতো হতেই হবে এমন নয়, তুমি আমার চেয়েও ভালো হতে পারো। এটার জন্য পরিশ্রম করতে হবে। এরপর মাঠে পারফর্ম করে নিজের প্রতিভা দেখাতে হবে। কঠোর পরিশ্রমের বিকল্প নেই।'
ক্যারিয়ারে ভালো-মন্দ সময় আসবেই। তরুণদের এমন বাস্তবতার কথাও মনে করিয়ে দিয়েছেন মিরাজ। খারাপ সময় কীভাবে সামলাতে হবে, এমন প্রশ্নের উত্তরে তিনি গুরুত্ব দিয়েছেন মানসিক দৃঢ়তা, পরিশ্রম এবং আত্মবিশ্বাসকে। মিরাজ বলেন, 'প্রত্যেকেরই ভালো-খারাপ সময় আসে, এটা থাকবেই। তবে ওই সময়ে মানসিকভাবে শক্ত থাকা গুরুত্বপূর্ণ। আর কতটা পরিশ্রম করছেন, নিজের প্রতি কতটা বিশ্বাস করছেন এটা গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন।'
সময় স্বল্পতার কারণে এবার টি-টোয়েন্টি সংস্করণে হবে তৃতীয় বিভাগ বাছাইপর্ব। ৭০টি দল ১৬ গ্রুপে ভাগ হয়ে লড়াই করবে। যেখানে প্রতিদিন ১৪টি করে ম্যাচ মাঠে গড়াবে। এবার থেকে সর্বোচ্চ ২৫ বছর বয়সী ক্রিকেটাররা খেলার সুযোগ পাবেন এই টুর্নামেন্টে।
৭০ বছরে ক্রিকেট খেলে 'চিলির নানীর' বিশ্বরেকর্ড