কেউ ঘুষ দাবি করলে তাদের হাত কেটে দিতে হবে: ধর্মমন্ত্রী

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পিএম

কুমিল্লার মুরাদনগরে বহুল প্রতীক্ষিত মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়নকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ইলিয়টগঞ্জ-মুরাদনগর-রামচন্দ্রপুর-বাঞ্ছারামপুর (জেড-১০৪২) সড়কের এই মুরাদনগর-রামচন্দ্রপুর অংশটির উন্নয়নে মোট ৫২ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে এই উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য ও ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মমন্ত্রী সড়ক উন্নয়নকাজে যেকোনো ধরনের অনিয়ম, চাঁদাবাজি ও ঘুষের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, মুরাদনগরের সাধারণ মানুষকে কোনো প্রকার চাঁদা বা ঘুষ দিতে হবে না। যদি কেউ চাঁদা বা ঘুষ দাবি করে, তবে তাদের হাত কেটে দিতে হবে। এ সময় সড়কের উন্নয়নকাজ সম্পূর্ণ স্বচ্ছতা ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনি স্থানীয় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

তিনি আরও যোগ করেন, তিনি একটি দুর্নীতিমুক্ত, অন্যায় ও মাদকমুক্ত মুরাদনগর গড়তে চান। সাধারণ ও গরীব মানুষের অধিকার নিশ্চিত করে একটি বসবাসযোগ্য জনপদ তৈরি করাই তার মূল লক্ষ্য।

উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সড়ক ও জনপথ বিভাগের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা। উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য মোল্লা গোলাম মহিউদ্দিন, বিএনপি নেতা শরীফ আহমেদ মীর, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল হাছান প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সোহেল আহমেদ বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন, উপজেলা কৃষকদলের সভাপতি নায়েব আলী, বিএনপি নেতা মো. মাহমুদ, মারফত আলী, ওমর ফারুক সোহাগ, মো. আলী, ইকবাল হোসেন, ঠিকাদার দেলোয়ার হোসেন প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত