বেনাপোলে শিশুকে ধর্ষণের অভিযোগ দাদার বিরুদ্ধে 

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০২:৫২ পিএম

যশোরের বেনাপোলে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার ৮৫ বছর বয়সী আপন দাদার বিরুদ্ধে। শারীরিক অবস্থার অবনতি হলে রবিবার (২৫ অক্টোবর) রাতে শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযুক্ত নূর আহমদ বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামের বাসিন্দা। অভিযোগ অনুযায়ী, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।  

শিশুটির মা জানান, গত বৃহস্পতিবার বিকেলে দাদা নূর আহমদ শিশুটিকে নিজের কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। পরে শিশুটি তাকে বিষয়টি জানায়। লোকলজ্জার ভয়ে প্রথমে বিষয়টি প্রকাশ করেননি তিনি। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, ভর্তির পর শিশুটিকে গাইনি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।

সোমবার (২৬ অক্টোবর) সকালে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশাফ হোসেন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত