জনগণ সঙ্গে না থাকলে অস্ত্র দিয়েও ক্ষমতায় থাকা যায় না: ফয়জুল করীম

অস্ত্র হাতে থাকলেও জনগণের সমর্থন না থাকলে ক্ষমতায় টিকে থাকা যায় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বর্তমানে এ দেশে সবচেয়ে বড় শক্তি হলো জনগণ। অস্ত্র বড় শক্তি নয়। ব্রিটিশদের কাছে অস্ত্র ছিল, কিন্তু জনগণ ছিল না। তাই তারা ক্ষমতায় থাকতে পারেনি। পাকিস্তানের কাছেও অস্ত্র ছিল, কিন্তু জনগণ ছিল না। সেখানেও তারা ক্ষমতায় থাকতে পারেনি। শেখ হাসিনার কাছেও অস্ত্র ছিল, কিন্তু জনগণ ছিল না। তাই তারাও ক্ষমতায় থাকতে পারেনি।

তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মীদের জনশক্তি বৃদ্ধির জন্য মানুষের দ্বারে দ্বারে গিয়ে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

ফয়জুল করীম বলেন, গত নির্বাচনে ইসলামী আন্দোলন ঘোষণা দিয়েছিল, ‘ইসলামের পক্ষে একটি বাক্স’। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েমের লক্ষ্যেই তারা নির্বাচনে অংশ নিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ যা কিছু করে, সবকিছু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, ইসলামের নামে যারা অনৈসলামিক কার্যক্রম করছে, আজ হোক বা কাল হোক, দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করবে—এতে কোনো সন্দেহ নেই।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিটি নেতা-কর্মীকে জনগণের কাছে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দাওয়াতি কাজ করতে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। যারা দ্বীনের কাজ করবেন, তাদের সবার দরজায় যেতে হবে। তাহলেই জনপ্রত্যাশা পূরণে শরিয়াভিত্তিক রাষ্ট্রকাঠামো প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের ত্রিশালের নজরুল অডিটোরিয়াম হলরুমে ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি এস. এম. মাঈনুদ্দীন জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রভাষক মাহফুজুর রহমানের সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) প্রভাষক হাফেজ মাওলানা মো. আলমগীর হোসাইন তালুকদার।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ জেলা দক্ষিণ জেলা শাখার সভাপতি মুফতি ইয়াকুব সাঈদ। এছাড়া বক্তব্য দেন ময়মনসিংহ জেলা উত্তর জেলা শাখার সভাপতি মুফতি গোলাম মাওলা ভূঁইয়া, জামিয়া সাওতুল হেরা মাদরাসার প্রিন্সিপাল মুফতি জহিরুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণের সভাপতি এইচ. এম. হুজাইফা, দক্ষিণ জেলা ছাত্র আন্দোলনের সভাপতি আব্দুল্লাহ আল-মামুন, ইসলামী আন্দোলন ময়মনসিংহ মহানগরের সভাপতি আলহাজ্ব হাদিউল ইসলাম এবং ময়মনসিংহ জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল করিম রসুলপুরী প্রমুখ।

পরে নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

সর্বশেষ সর্বাধিক পঠিত