বোয়ালমারীতে হত্যা মামলার আসামি ঝিনাইদহে গ্রেপ্তার

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পিএম

ফরিদপুরের বোয়ালমারীতে ইব্রাহীম (৩৫) হত্যা মামলার তদন্তে পাওয়া আসামি মো. মাসুদুর রহমান মাসুদকে (৪০) ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ঝিনাইদহ সদর থানার পোড়াহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী মাসুদুর রহমান ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার গালিমপুর গ্রামের মো. রুস্তম আলীর ছেলে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছি। এটি একটি ক্লুলেস ঘটনা ছিল। ঘটনার কোনো ক্লু ছিল না। এখন একটি ক্লু পেয়েছি। আশা করছি, জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার আরও তথ্য পাওয়া যাবে।

এসআরবি জানায়, ২০২৫ সালের ২০ নভেম্বর রাতে ব্যবসায়িক কাজে যাওয়ার পথে ইব্রাহীম ও তাঁর চাচাতো ভাই পিকআপচালক মো. হোসেন গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়া এলাকায় একটি হোটেলে খাবার খাচ্ছিলেন। খাবার শেষে বের হওয়ার সময় দুটি প্রাইভেটকারে আসা ৭-৮ জন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাঁদের জোর করে গাড়িতে তুলে নেয়। পরে তাঁদের হাত, মুখ ও চোখ গামছা দিয়ে বেঁধে মারধর করা হয় এবং নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়। একপর্যায়ে হোসেনকে অজ্ঞাত স্থানে ফেলে রেখে ইব্রাহীমকে অন্যত্র নিয়ে যাওয়া হয়। পরে ইব্রাহীমকে হত্যা করে তাঁর মরদেহ ফরিদপুরের বোয়ালমারী থানার বনচাকী-রামচন্দ্রপুর ব্রিজ এলাকায় ফেলে রাখা হয় বলে জানায় এসআরবি।

এ ঘটনায় নিহত ইব্রাহীমের ভাই মো. ফরহাদ বাদী হয়ে বোয়ালমারী থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের পর এসআরবি-১০ গোয়েন্দা নজরদারি শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১০-এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি দল এসআরবি-৬-এর সহযোগিতায় অভিযান চালিয়ে মাসুদুর রহমানকে গ্রেপ্তার করে। পরে তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। 




সর্বশেষ সর্বাধিক পঠিত