কাছের মানুষদের দুষলেন ফারুক আহমেদ

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পিএম

জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ দাবি করছেন, তার আগের ফেসবুক পেজ বন্ধ হওয়ার পেছনে ছিল তারই পরিচিত কিছু মানুষ। যাদের তিনি কাছের মানুষ উল্লেখ করে বলেন, ‘আমার কাছের মানুষই শক্র, তারা অভিযোগ দিয়ে ফেসবুক পেজ বন্ধ করেছে।’ 

এক পোস্টে এই অভিনেতা জানান, প্রায় দেড় বছর আগে হঠাৎ করেই একটি অভিযোগের ভিত্তিতে এই অভিনেতার ফেসবুক পেজ (৬ লাখ অনুসারী) ও আইডি (৩ লাখ অনুসারী) বন্ধ হয়ে যায়। এই ঘটনায় বেশ অবাক হয়ে যান এই অভিনেতা। এই নিয়ে তিনি বলেন, ‘বছর দেড়েক আগে আমার ফেসবুক প্রোফাইল ও পেজ আমার পরিচিত লোক মেটাতে অভিযোগ করে বন্ধ করে দেন। যে ছিলেন আমার ঘনিষ্ঠ।’ 

ফারুক বলেন, ‘কারা এই অভিযোগ করেছিলেন এবং কেন করেছিলেন—তা আমি পরে জেনেছি। কিন্তু কখনোই আমি তাদের কিছু বলিনি। এমনকি তাদের কোনো কিছু বুঝতেও দিইনি। তারা ছিলেন আমারই কাছের। মানুষকে চেনা আসলে কঠিন। আমি বুঝতে পেরেছি। এটাও বুঝতে পেরেছি, তারা আমার কেন ক্ষতি করেছেন।’ 

পরবর্তী সময়ে নতুন করে আবার ফেসবুকে ফেরেন এই অভিনেতা। তার নতুন এই পথচলায় অল্প সময়েই তার সঙ্গে যুক্ত হন আড়াই লাখ ভক্ত। এই অভিনেতা বলেন, ‘এখন ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য ফেসবুক খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম। যে কারণে পেজটি উদ্ধার করতে না পেরে নতুন ফেসবুক প্রোফাইল খুলেছি। আমার বিশ্বাস ছিল, দেশের মানুষ আমাকে ভালোবাসেন। মাত্র কয়েক মাসের মধ্যে আমার এই নতুন প্রোফাইলে আজ সকাল পর্যন্ত ২ লাখ ৫০ হাজার অনুসারী যুক্ত হয়েছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত