'পাজলের শেষ কয়েক টুকরো' মেলানোর অপেক্ষায় হামজা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পিএম

বাংলাদেশ জাতীয় ফুটবল দল এখনো গড়ে ওঠার প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং সাফল্যের জন্য দলটির আর মাত্র কয়েকটি ছোট ঘাটতি পূরণ করা বাকি—এমনটিই বিশ্বাস করেন হামজা চৌধুরী। ফিফা আসিয়ান কাপ ২০২৬™-এ সিঙ্গাপুরের কাছে ১-০ ব্যবধানে হারের পর ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখা ও এগিয়ে যাওয়ার অভিজ্ঞতা নিয়ে নিজের ভাবনা শেয়ার করেছেন এই মিডফিল্ডার।

জাতীয় দলে যোগ দেওয়ার পর থেকে পাওয়া অভিজ্ঞতা নিয়ে হামজা বলেন, “ব্যক্তিগতভাবে এটি আমার জন্য এক অবিশ্বাস্য অভিজ্ঞতা। আলহামদুলিল্লাহ, ভালো-মন্দের মধ্য দিয়েই পথচলা। এখন পর্যন্ত হয়তো ভালো সময়ের চেয়ে কঠিন মুহূর্তই বেশি এসেছে, তবে আমরা শেখার চেষ্টা করছি এবং আরও ভালো কিছু গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।”

মালয়েশিয়ার বিপক্ষে আগের ম্যাচের প্রসঙ্গ টেনে হামজা জানান, র‍্যাঙ্কিংয়ে ৪০ থেকে ৫০ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে মাঠে লড়াইয়ের সময় সেই ব্যবধান কিন্তু বোঝা যায়নি। তাঁর মতে, “র‍্যাঙ্কিংয়ে ওরা আমাদের চেয়ে অনেক এগিয়ে থাকলেও মাঠের ফুটবলে কিন্তু সেই পার্থক্য ধরা পড়েনি। তার মানে আমরা নিশ্চয়ই কিছু হলেও ইতিবাচক ও সঠিক কাজ করছি।”

দলের বর্তমান অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী হামজা আরও যোগ করেন, “আমার মনে হয় আমরা সঠিক ধাঁধার শেষ দুই বা তিনটি টুকরো (পাজলের শেষ কয়েক টুকরো) খুঁজে পাওয়ার চেষ্টা করছি। আশা করি খুব দ্রুতই সব ঠিকঠাক মিলে যাবে।”

সামনে আগামী নভেম্বরে ঘরের মাঠে বড় একটি টুর্নামেন্ট রয়েছে উল্লেখ করে হামজা আশা প্রকাশ করেন, এই আসিয়ান কাপের অভিজ্ঞতা সেই টুর্নামেন্টে সাফল্য পেতে বাংলাদেশকে সাহায্য করবে," ইনশাআল্লাহ, আমরা সেটির লক্ষ্যেই নিজেদের গড়ে তুলছি এবং আশা করি আমরা কিছুটা সাফল্য অর্জন করতে পারব।”

মাঠের বাইরের অভিজ্ঞতা জানাতে গিয়ে ইন্দোনেশিয়ায় নিজের প্রথম সফরের প্রশংসাও করেন তিনি। জাকার্তার আবহাওয়া কিছুটা গরম হলেও সেখানকার মানুষ ও পরিবেশ তাঁর বেশ ভালো লেগেছে বলে জানান।

​“আমার সত্যিই খুব ভালো লাগছে। একদম সত্যি বলছি! ইন্দোনেশিয়ায় এটিই আমার প্রথম সফর। আমার অনেক বন্ধু এবং পরিবারের কিছু সদস্য আগে এখানে এসেছে, তারা সবাই এই দেশের প্রশংসাই করেছে। তাই নিজে এখানে আসতে পেরে সত্যিই খুব ভালো লাগছে।”

​বৃহস্পতিবার জাকার্তার মাঠে স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ইউরোপের শীর্ষ লিগগুলোতে খেলা ফুটবলারদের নিয়ে তৈরি শক্তিশালী ইন্দোনেশিয়ার বিরুদ্ধে এই ম্যাচটিকে নিজেদের উন্নতির আরও একটি বড় পরীক্ষা হিসেবে দেখছেন হামজা চৌধুরী।

​“আমি ম্যাচটির জন্য সত্যিই উন্মুখ হয়ে আছি। আমি জানি সেখানে আরও বড় গ্যালারি ও প্রচুর দর্শক থাকবে, তাই একটি দল হিসেবে এটি আমাদের জন্য আরও একটি মূল্যবান অভিজ্ঞতা হবে। ইন্দোনেশিয়া খুবই শক্তিশালী দল; ইউরোপের শীর্ষ লিগগুলোতে তাদের অনেক খেলোয়াড় খেলে। ফলে এটি আমাদের জন্য আরেকটি কঠিন পরীক্ষা হবে, তবে আমরা এখানে মূলত এই উদ্দেশ্যেই এসেছি—যাতে র‍্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে এগিয়ে থাকা দলগুলোর বিরুদ্ধে প্রতিযোগিতা করতে পারি।”

 

সর্বশেষ সর্বাধিক পঠিত