উত্তরায় জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পিএম

রাজধানীর উত্তরায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় ‘গোজো রামেন’ নামের একটি জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) উত্তরার ১৩ নম্বর সেক্টরের গরীবে নেওয়াজ রোডের হোল্ডিং-৪০ নম্বরে অবস্থিত রেস্টুরেন্টটিতে এ অভিযান পরিচালনা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।

অভিযানে রেস্টুরেন্টটির রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় পাওয়া যায়। সেখানে বাসি খাবার ও পোড়া তেল পাওয়া যায়। এ ছাড়া ফ্রিজে কোনো ধরনের লেবেল ছাড়াই খাদ্যোপকরণ সংরক্ষণ এবং আমদানিকারকের তথ্যবিহীন বিদেশি খাদ্যোপকরণ রাখা হয়েছিল।

অভিযানকালে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, প্রিমিসেস লাইসেন্স, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ ও রেস্তোরাঁ নিবন্ধন সনদসহ বাধ্যতামূলক কাগজপত্র প্রদর্শন করতে পারেনি।

এসব অনিয়মের বিষয়ে দোষ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী রেস্টুরেন্টটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মেহরিন যারীন তাসনিম, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত